২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহিউদ্দিন চৌধুরী ছিলেন আলোকবর্তিকা: অনুপম সেন

চট্টগ্রামের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় মহিউদ্দিন চৌধুরী আলোকবর্তিকা ছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা সমাজ বিজ্ঞানী অনুপম সেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2019, 09:01 PM

Updated : 18 Aug 2022, 06:18 PM

বৃহস্পতিবার দুপুরে নগরীর দুই নম্বর গেট এলাকায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রয়াত নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ এই স্মরণানুষ্ঠানের আয়োজন করে।

অনুপম সেন বলেন, “মহিউদ্দিন চৌধুরী দলমত নির্বিশেষে আমৃত্যু সত্য ও সুন্দরের জয়গান গেয়েছেন। তার যাত্রাপথে আমরা যদি তাকে অনুসরণ করি তাহলে বাংলাদেশ একটি স্বয়ংসম্পূর্ণ অসাম্প্রাদায়িক রাষ্ট্রে পরিণত হবে। সবচেয়ে বড় কথা তিনি নারী প্রগতির অগ্রযাত্রী ছিলেন।

“মহিউদ্দিন চৌধুরী আমার একজন ছাত্র। তবে আমার সাথে তার যোগাযোগটি সুদৃঢ় হয় তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা প্রসারে উদ্যোগী হয়েছিলেন তখন থেকেই। তাই মহিউদ্দিন চৌধুরী আমাদের চট্টগ্রামে শিক্ষা ও স্বাস্থ্যসেবার আলোকবর্তিকা। তিনি আর্ত-মানবতার সেবায় নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব।”

সমাজবিজ্ঞানী অনুপম সেন বলেন, “আমি তাকে যতটুকু আপন করে জেনেছি ততটুকুতেই বুঝতে পেরেছি মানুষ মানুষের জন্য।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য সাবিহা মুসা বলেন, “মানবসেবায় মহিউদ্দিন ভাইয়ের কাছ থেকে অনেক শিক্ষা পেয়েছি। সেই ১৯৯১ সালের ভয়াল ঘূর্ণিঝড় পরবর্তী নিহতদের দাফন-কাফনসহ দুর্গতদের যে জনসেবা করে গেছেন তা একমাত্র তার পক্ষেই সম্ভব ছিল। এ কারণেই মহিউদ্দিন চৌধুরী আমার হৃদয় থেকে কখনো মুছে যাবে না।”

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিনপত্নী হাসিনা মহিউদ্দিন বলেন, “মহিউদ্দিন চৌধুরী নারী প্রগতির ক্ষেত্রে একজন অগ্রগামী পুরুষ। তার সহধর্মিনী হিসেবে শুধু সংসার নয়, বাইরের জগতকে আমি চিনতে শিখেছি। তাই আজকে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ মাথা উঁচু করে দাড়িয়েছে।”

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর নীলু নাগের সঞ্চালনায় স্মরণানুষ্ঠানে বক্তব্য রাখেন মালেকা চৌধুরী, হোসনে আরা বেগম, হাসিনা আক্তার টুনু, হুরে আরা বিউটি, শারমীন ফারুক, আয়েশা আলম, অধ্যাপক শিরীন আখতার, ফাতেমা আক্তার, ইসরাত জাহান চৌধুরী, শিমলা দাশ, সোনিয়া ইদ্রিস, বেবী আক্তার প্রমুখ।