২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজন গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাব পরিচয়ে টাকা দাবির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2019, 06:04 PM

Updated : 18 Aug 2022, 06:18 PM

বুধবার বিকালে আনোয়ারা উপজেলার চাতরি চৌমুহনী বাজার থেকে নুরুল আলম টিপু (৩১) ও নাজিম উদ্দিনকে (৩৬) গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মাশকুর রহমান।

টিপু আনোয়ারার বরুমছড়া ও নাজিম বৈরাগের বাসিন্দা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এএসপি মাশকুর বলেন, টিপু ও নাজিম বিভিন্ন ব্যক্তির বিস্তারিত পরিচয় সংগ্রহ করে টেলিফোন র‌্যাব পরিচয় দিয়ে টাকা দাবি করে বলে তাদের কাছে অভিযোগ আছে।

গত ১ ডিসেম্বর বরুমছড়া এলাকার এক প্রবাসী দেশে আসার পর বাহিনীর সদস্য পরিচয়ে ফোন করে তার কাছে ৫০ হাজার টাকা দাবি করে টিপু ও নাজিম। এ বিষয়ে প্রবাসী ওই ব্যক্তি র‌্যাব-৭ এ অভিযোগ করেন।

বুধবার বিকালে চাতরি চৌমুহনী বাজারে টিপু ও নাজিম টাকা নিতে আসলে র‌্যাব সদস্যরা তাদের গ্রেপ্তার করে বলে জানান এএসপি মাশকুর।

তিনি বলেন, আগেও কয়েকজনের কাছ থেকে তারা র‌্যাব পরিচয়ে টেলিফোন করে টাকা আদায় করেছিল।