চসিকের সংবর্ধনা নিলেন ১৭৫ জন মুক্তিযোদ্ধা
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ১৭৫ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে।
মঙ্গলবার দুপুরে নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট, সম্মাননা ও সম্মানির টাকা তুলে দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নাছির বলেন, “বীর মুক্তিযোদ্ধাদের প্রতি চসিকের দায়িত্ব ও দায়বদ্ধতা রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে মুক্তিযোদ্ধা সংবর্ধনার পরিসর ও পরিধি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
“তাই দায়িত্ব গ্রহণের প্রথম দুই বছর ১৫০ জন করে, পরের দুই বছর ১৭০ জন করে এবং এবছর ১৭৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেয়া হয়েছে।”
মেয়র বলেন, “মুক্তিযোদ্ধারা যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে বর্তমান সরকার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
“মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এখনো অনেকের কাছে অজানা। সঠিক ইতিহাস তুলে ধরতে মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসতে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা যাতে মুক্তিযুদ্ধের চেতনা বহির্ভূত কোনো কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে।”
তিনি বলেন, “মুক্তিযোদ্ধাদের দায়িত্ব এখনো শেষ হয়ে যায়নি। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত রাখতে আপনাদেরকে সহায়ক ভূমিকা রাখতে হবে।
মুক্তিযুদ্ধে ভারত সরকার ও সে দেশের জনগণের প্রত্যক্ষ সহযোগিতা স্মরণ করে মেয়র বলেন, তাদের সমর্থন এ দেশের মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনগণকে অনুপ্রাণিত করেছিল। বন্ধু রাষ্ট্র ভারতের এই অবদান বাঙ্গালী জাতি আজীবন মনে রাখবে ।
অনুষ্ঠানে অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রামে ভারতের ভারপ্রাপ্ত সহকারী হাই কমিশনার (ভারপ্রাপ্ত) শুভাশীষ সিনহা, রাশিয়ার অনারারি কনসাল জেনারেল স্থপতি আশিক ইমরান।
