চট্টগ্রাম বন্দরে রেকর্ড ৩০ লাখ কন্টেইনার হ্যান্ডলিং
এ বছর আমদানি-রপ্তানি মিলিয়ে কন্টেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
১ জানুয়ারি থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দরে ৩০ লাখ দুই হাজার ৪২ টিইইউস (টোয়েন্টি ফিট ইক্যুইভেলেন্ট ইউনিট, প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যের) কন্টেইনার ওঠানামা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন) মো. জাফর আলম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক বছরের হিসাবে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ওঠানামার ক্ষেত্রে এটি একটি রেকর্ড। চলতি বছরে আরও দশদিন বাকি রয়েছে। প্রতিদিন গড়ে আট হাজার কন্টেইনার ওঠানামার হিসাবে আরও ৮০ হাজার যুক্ত হবে এ বছর।”
বন্দরের হিসাব অনুযায়ী, ২০১৮ সালে ২৯ লাখ তিন হাজার কন্টেইনার, ২০১৭ সালে ২৬ লাখ ৬৭ হাজার এবং ২০১৬ সালে ২৩ লাখ ৪৭ হাজারের মতো কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে।
জাফর আলম বলেন, “অর্থনীতির অগ্রগতির সাথে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বেড়েছে। সে কারণে হ্যান্ডলিংও বেড়েছে। এটি বড় ধরনের সফলতা। এজন্য বন্দরের কর্মকর্তা-কর্মচারীর সাথে স্টেক হোল্ডারদেরও ভূমিকা রয়েছে।”
ভবিষ্যতে বে-টার্মিনাল চালু হলে কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
