২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুরনো আয়োজকদের হাতে বিজয় মেলা

এক বছর বাদে পুরনো আয়োজক পরিষদের হাতে ফিরেছে চট্টগ্রামের মুক্তিযুদ্ধের বিজয় মেলা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2019, 03:52 PM

Updated : 18 Aug 2022, 06:11 PM

‘মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ’ এর নেতারা বলছেন, এ আয়োজন নিয়ে গতবার কিছুটা ‘ভুল বোঝাবুঝি’ থাকলেও এবার কোনো ‘গ্রুপিং’ নেই।

রোববার থেকে শুরু হতে যাওয়া বিজয় মেলা উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে এমন দাবি করেন আয়োজক পরিষদের নেতারা।

সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুছ বলেন, “মুক্তিযুদ্ধের সময় যেমন আমাদের মধ্যে কোনো গ্রুপিং ছিল না। এখনও কোনো গ্রুপিং নেই।

“যারা স্বাধীনতা, বঙ্গবন্ধুর আদর্শ, প্রধানমন্ত্রীর উন্নত বাংলাদেশ বির্নিমাণের চেতনা এবং ৩০ লাখ শহীদের আদর্শের উত্তরসূরী, তারা সবাই এই বিজয় মেলা আয়োজনের সাথে থাকবে।”

গতবার অন্য একটি পক্ষের কমিটি গঠন এবং পাল্টা সংবাদ সম্মেলন আয়োজনের বিষয়ে জানতে চাইলে ইউনুছ বলেন, পদ-পদবির লোভে কেউ যদি একেক সময় একেক দিকে যায় সেটা তাদের ব্যাপার।

“গতবার কিছু ভুল বোঝাবুঝি ছিল। তখন সামনে জাতীয় নির্বাচন ছিল। আমরা নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম। আমাদেরকেই আপনারা শুরু থেকে মেলার আয়োজনে দেখেছেন। এবারও আমরা সবাই আছি।এবার আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র প্রধান অতিথি থাকবেন।”

১৯৮৯ সালে মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক সংগঠকদের উদ্যোগে চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়। পরে বিজয় মেলা আয়োজনে প্রত্যক্ষ সহযোগিতা দিতেন সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

পরবর্তীতে তার উদ্যোগে আওয়ামী লীগ নেতা এবং মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত ৭৪ সদস্যের ‘মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ’র কমিটিই প্রতি বছর বিজয় মেলা আয়োজন করত। পরে এই মেলা সারাদেশে ছড়িয়ে পড়ে। মৃত্যুর সময়ও পরিষদের চেয়ারম্যান ছিলেন মহিউদ্দিন।

ওই কমিটির প্রধান উপদেষ্টা পদে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

২০১৭ সালের ডিসেম্বরে মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর ওই বছরের ২৮ ডিসেম্বর বিজয় মেলা পরিষদের ৭৩ সদস্যের অংশগ্রহণে বিশেষ সাধারণ সভায় তার বড় ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেলকে মেলা পরিষদের চেয়ারম্যান করা হয়।

এরপর ২০১৮ সালের ২৮ অক্টোবর নগর ভবনে মুক্তিযোদ্ধা কমাণ্ডার মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে এক সভায় ‘মুক্তিযুদ্ধের বিজয় মেলা কমিটি-২০১৮’ ঘোষণা করা হয়।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের উপস্থিতিতে সে সভায় গঠিত কমিটিতে নগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীকে চেয়ারম্যান, আবুল হাশেমকে কার্যকরী চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদকে মহাসচিব এবং আ জ ম নাছিরকে প্রধান পৃষ্ঠপোষক করা হয়।

গতবার গঠিত সেই কমিটি জাতীয় নির্বাচনের কারণ দেখিয়ে সাত দিনব্যাপী মেলার আয়োজন করে। দুই পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনেরও আয়োজন করেছিল। 

শনিবারের সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার মেলা আয়োজক পরিষদের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পরিষদের চেয়ারম্যান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং প্রধান পৃষ্ঠপোষক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

আয়োজক পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুছ বলেন, রোববার বিকাল তিনটায় বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন।

১০ ডিসেম্বর বিজয় শিখা প্রজ্জ্বলন করে বিজয় মঞ্চে সাতদিনের অনুষ্ঠানমালা উদ্বোধন করবেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সেদিন সভাপতিত্ব করবেন মেলা পরিষদের চেয়ারম্যান মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মুজিব বর্ষ পালনের সাথে সঙ্গতি রেখে বছরব্যাপী অনুষ্ঠান আয়োজনের জন্য এবার বিজয় মঞ্চের কার্যক্রম সংক্ষিপ্ত করে এক সপ্তাহের অনুষ্ঠানমালা আয়োজন করা হয়েছে বলে জানান মোহাম্মদ ইউনুছ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের কো-চেয়ারম্যান বদিউল আলম, আহমদুর রহমান সিদ্দিকী, জাহাঙ্গীর চৌধুরী ও আবুল মনসুর, মুক্তিযোদ্ধা পান্টু লাল সাহা, মো. মাহবুব, মো. আবু তাহের, সাবেক যুবলীগ আহ্বায়ক সৈয়দ মাহমুদুল হক, সাবেক যুবলীগ নেতা চন্দন ধর ও মশিউর রহমান।

উপস্থিত নেতাকর্মীদের মধ্যে সবাই চট্টগ্রামের রাজনীতিতে মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

২০১৭ সালের শুরুতে আউটার স্টেডিয়ামের মাঠে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) সুইমিং পুল নির্মাণের উদ্যোগ নিলে তাতে বাধা দেন মহিউদ্দিন চৌধুরী।

সেসময় সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের সাথে তার বিরোধ দেখা দেয়। পরে মহিউদ্দিন অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে পুলিশ ও নাছিরের অনুসারীদের সংঘর্ষও হয়।

সেই মাঠে সুইমিং পুল নির্মাণ কাজ শেষ হয়েছে। ওই অবকাঠামোর কারণে তিন দশক পেরোনো বিজয় মেলার কলেবর প্রায় অর্ধেকে পরিণত হয়েছে।

পুরনো খবর:

বিজয় মেলা নিয়ে ‘তৃতীয়পক্ষের ষড়যন্ত্র’ দেখছে আয়োজকরা