বিজয় মেলা নিয়ে ‘তৃতীয়পক্ষের ষড়যন্ত্র’ দেখছে আয়োজকরা
মহিউদ্দিন চৌধুরীর উদ্যোগে তিন দশক আগে যাত্রা শুরু করা মুক্তিযুদ্ধের বিজয় মেলা ছিনিয়ে নিতে ‘তৃতীয় কোনো শক্তি’ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ মেলার আয়োজক পরিষদের।
তবে পাল্টা কমিটি ঘোষণা দেওয়া পক্ষটি বলছে মেলার আয়োজন নিয়ে ‘বিরোধ মিটে গেছে’। শনিবার সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় ১০-১৬ ডিসেম্বর বিজয় মেলা আয়োজনেরও ঘোষণা দিয়েছে এই পক্ষ। নির্বাচনের কারণে মেলার আয়োজন সংক্ষিপ্ত করা হয়েছে বলে তাদের দাবি।
গত ২৮ অক্টোবর নগর ভবনের মিলনায়তনে মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে এক সভায় ‘মু্ক্তিযোদ্ধা বিজয় মেলা কমিটি-২০১৮’ ঘোষণা করা হয়।
ওই সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
সেই কমিটিতে নগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীকে চেয়ারম্যান, আবুল হাশেমকে কার্যকরী চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদকে মহাসচিব এবং আ জ ম নাছির উদ্দীনকে প্রধান পৃষ্ঠপোষক করা হয়।
১৯৮৯ সালে চট্টগ্রামে প্রথম মুক্তিযুদ্ধের বিজয় মেলা আয়োজনের উদ্যোগ নেন প্রয়াত নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
এরপর থেকে তার উদ্যোগে আওয়ামী লীগ নেতা এবং মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত ৭৪ সদস্যের কমিটিই প্রতি বছর বিজয় মেলা আয়োজন করত। পরে এই মেলা সারাদেশে ছড়িয়ে পড়ে। মৃত্যুর সময়ও বিজয় মেলা কমিটির চেয়ারম্যান ছিলেন মহিউদ্দিন।
ওই কমিটির প্রধান উপদেষ্টা পদে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বয়জ্যেষ্ঠ মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। গত বছরের ডিসেম্বরে মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর ২৮ ডিসেম্বর বিজয় মেলা পরিষদের ৭৩ সদস্যের অংশগ্রহণে বিশেষ সাধারণ সভায় তার বড় ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেলকে মেলা পরিষদের চেয়ারম্যান করা হয়।
বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সর্বসম্মতি ক্রমে মুক্তিযোদ্ধার সন্তান ও বিজয় মেলার প্রতিষ্ঠাতার সন্তান হিসেবে মহিবুল হাসান চৌধুরী নওফেলকে চেয়ারম্যান করা হয়।
“ওই সভায় অন্য কারো নামই প্রস্তাব করা হয়নি।”
তিনি বলেন, “এখন নির্বাচনের প্রাক্কালে নগর ভবনে সভা করে পাল্টা কমিটি ঘোষণা কেন এবং কার ইঙ্গিতে? আমরা মনে করি তৃতীয় শক্তিকে অপকর্ম করার সুযোগ দিতে এবং সরকারকে বিব্রত করতে কেউ এই ষড়যন্ত্র করছে।”
বিজয় মেলা আয়োজন উপলক্ষে পরিষদের সর্বশেষ সভা গত ১৭ অক্টোবর মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত হয় বলে জানান মোহাম্মদ ইউনুস।
“ওই সভায় কমান্ডার মোজাফফর আহমেদ উপস্থিত ছিলেন। পরে তিনি কিভাবে পাল্টা কমিটিতে গেলেন তা জানি না।”
তবে শনিবারের সংবাদ সম্মেলনে পাল্টা কমিটির কার্যকরী চেয়ারম্যান আবুল হাশেম এ প্রশ্নে বলেন, “আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। ভুল বোঝাবুঝি নেই, সমাধান হয়ে গেছে।”
নতুন করে মেলা পরিষদের কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে আবুল হাশেম বলেন, প্রতিবছর সাধারণ সভায় কমিটি গঠন করা হয়। এটাই রীতি।
নওফেলকে বাদ দিয়ে কমিটি গঠনের বিষয়ে তিনি বলেন, ২০১ সদস্যের কমিটি। সবাই আছেন। একেকজন একেক দায়িত্ব পালন করবেন।
“নির্বাচনের কারণে মেলা সাত দিনের মধ্যে শেষ করতে চাই। ১ ডিসেম্বর ক্ষুদ্র শিল্প মেলা শুরু হবে। ১০ ডিসেম্বর থেকে মূল আয়োজন, শেষ হবে ১৬ ডিসেম্বর।”
এদিকে মেলার মাঠের অনুমতি নিয়েও বিরোধ দেখা দিয়েছে।
মোহাম্মদ ইউনুস বলেন, “মেলার জন্য মাঠ ব্যবহারে মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও সেনাবাহিনীর কাছ থেকে আমরাই অনুমতি নিয়েছি।
“আমাদের আয়োজনের সব জেনে নিয়ে বিশ্বাসঘাতকরা অবৈধ কমিটি করেছে। প্রশাসনকে বলতে চাই, আমরা কোনো সংঘাত চাই না। সেভাবেই যেন তারা উদ্যোগ নেন।”
শনিবারের মতবিনিময় সভায় পাল্টা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহাবুদ্দিন ও মোজাফফর আহমদ, আওয়ামী লীগ নেতা সুনীল সরকার, সারওয়ার কামাল, এম এ ইসলাম ও ফিরোজ আহমদ।
১৯৮৯ সাল থেকে মহিউদ্দিন চৌধুরীর উদ্যোগে এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম, আউটার স্টেডিয়াম এবং সংলগ্ন খোলা জায়গায় বিজয় মেলার আয়োজন হয়ে আসছে।
২০১৭ সালের শুরুতে আউটার স্টেডিয়ামের মাঠে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) সুইমিং পুল নির্মাণের উদ্যোগ নিলে তাতে বাধা দেন মহিউদ্দিন চৌধুরী।
এসময় সিজেকেএস সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে তার বিরোধ দেখা দেয়। পরে মহিউদ্দিন অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে পুলিশ ও নাছিরের অনুসারীদের সংঘর্ষও হয়।
সেই মাঠে সুইমিং পুল নির্মাণ কাজ প্রায় শেষের পথে। ওই অবকাঠামোর কারণে মেলার কলেবর প্রায় অর্ধেকে পরিণত হতে চলেছে।
