২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সোনাসহ ভারতীয় গ্রেপ্তার

চট্টগ্রামে দুটি সোনার বারসহ ভারতের এক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2019, 05:32 PM

Updated : 18 Aug 2022, 06:10 PM

গ্রেপ্তারকৃত রণজিৎ আচার্য্য (৫২) কোলকাতার হাওড়ার বাসিন্দা।

বৃহস্পতিবার সকালে নগরীর আকবর শাহ থানার সিটি গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে আকবর শাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ইউনিক পরিবহনের একটি বাসে করে রণজিৎ চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন। সিটি গেইটে পুলিশের চেকপোস্ট দেখে তিনি বাস থেকে নেমে পায়ে হেঁটে চলে যাচ্ছিলেন।

“এসময় তাকে তল্লাশি করে দুটি স্বর্ণের বার, তিন হাজার ভারতীয় রুপি ও একটি পাসপোর্ট জব্দ করা হয়।”

রণজিৎ প্রায়ই বাংলাদেশে এসে এভাবে সোনা সংগ্রহ করেন জানিয়ে ওসি মোস্তাফিজুর বলেন, সর্বশেষ গত ২৫ নভেম্বর বাংলাদেশে আসেন। এর আগে ২২ ও ১৬ নভেম্বর এসে দুদিন থেকে চলে যান।

তিনি চট্টগ্রামের স্বর্ণকার এলাকা হিসেবে খ্যাত হাজারি গলি থেকে সোনার বারগুলো সংগ্রহ করার কথা পুলিশকে জানিয়েছে বলে ওসি জানান।

রণজিতের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে শুল্ক আইনে চোরাচালানের অভিযোগের মামলা করেছে।

উদ্ধার করা সোনার ওজন ১৯ ভরি ১ আনা, যার বাজার দর নয় লাখ ৫০হাজার টাকা বলে ওসি জানান।