২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নগরবাসীর কাছে আরও ৩ বছর সময় চাইলেন মেয়র নাছির

মেয়াদের প্রায় শেষ পর্যায়ে এসে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলছেন, নগরবাসীর সহযোগিতা পেলে ‘নিরাপদ ও বাসযোগ্য’ নগরী গড়তে পারবেন তিনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2019, 06:33 PM

Updated : 18 Aug 2022, 06:09 PM

মঙ্গলবার নগরীর ফিরিঙ্গি বাজার এলাকায় ডা. জাকির হোসেন সিটি করপোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের নতুন ছয় তলা ভবন উদ্বোধন করার সময় একথা বলেন তিনি।

মেয়র নাছির বলেন, গৃহীত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে আরও এক থেকে তিন বছর সময় লাগবে।

আর এ জন্য নগরবাসীর ‘দোয়া-আশির্বাদ ও সহযোগিতা’ চেয়ে তিনি বলেন, “নগরবাসীর যে প্রত্যাশা বা যা কিছু প্রয়োজন সিটি করপোরেশনের আইনি কাঠামোর মধ্যে যতটুকু করার সুয়োগ ছিল, তা করার চেষ্টা করেছি আমরা।”

বন্দর নগরীকে বাসযোগ্য নগর করার লক্ষ্যে কথা জানিয়ে আ জ ম নাছির বলেন, “এই নগর আমাদেরই প্রিয় নগর। আমাদের হয়ত চিন্তার মধ্যে ভিন্নতা থাকতে পারে। রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য বা বিভাজন থাকতে পারে বা ধর্মীয় যে পরিচয় সেটার মধ্যেও ভিন্নতা থাকতে পারে।

“কিন্তু আমরা যারা নগরে বসবাস করছি সবার লক্ষ্য এক ও অভিন্ন হওয়া উচিত। সেটা হলো যে নগরে আমি বাস করছি সে পুরো নগরটা পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব, নিরাপদ ও বাসযোগ্য নগর হওয়া উচিত।”

তিনি বলেন, “এবং সেটা করার জন্য সিটি করপোরেশন যেভাবে পরিকল্পনা গ্রহণ করছি, বাস্তবায়ন করছি এবং উদ্যোগ গ্রহণ করেছি তার সাথে এ নগরে যারা বসবাস করেন প্রত্যাশা করবো সকলের কাছে সেটা হলো- সকল ধরনের সংকীর্ণতা পরিহার করে, জাতি ধর্ম বর্ণ দলমতের উর্ধে উঠে চট্টগ্রাম সিটি করপোরেশনের সকল কর্মকাণ্ডের সাথে আপনারা সম্পৃক্ত হবেন এবং সহযোগিতা করবেন।

“তাহলেই প্রত্যেকের যে প্রত্যাশা একটা নিরাপদ নগর, বাসযোগ্য, আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নগর সেটা আপনাদের উপহার দিতে পারব। আসুন সেই লক্ষ্যে যার যার অবস্থান থেকে আমাদের সহযোগিতা করুন।”

উপস্থিত সবার উদ্দেশে মেয়র নাছির বলেন, “এই ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে আগে কতটুকু উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে আর এখন কতটুকু হচ্ছে? আরও হবে। কারণ আগে চট্টগ্রাম সিটি করপোরেশনকে প্রকল্প সহায়তা প্রদান করা হত না। এখন প্রধানমন্ত্রী প্রকল্প সহায়তা করছেন।

“যার কারণে আমাদের উপর নির্ভর করে উন্নয়ন কতটুকু দ্রুত হবে এবং ত্বরান্বিত হবে। অর্থাৎ আমরা কীভাবে প্রকল্প গ্রহণ করতে পারি এবং সে প্রকল্পগুলো অনুমোদন করাতে পারি। বাস্তবায়ন কত দ্রুত করতে পারি। অনেক প্রকল্প গ্রহণ করেছি দ্রুত বাস্তবায়নও করেছি।”

নগরীতে আধুনিক স্লটার হাউজ ও বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, “আধুনিক স্লটার হাউজ টেন্ডার হবে অচিরেই।

“প্রতি ঘণ্টায় একসাথে একশ পশু জবাই করা যাবে। স্বাস্থ্যকর পরিবেশে। প্রত্যেক পশু জবাইয়ের আগে পরীক্ষা করা হবে রোগমুক্ত কি না।”

বাস টার্মিনালসহ অন্যান্য প্রকল্প নিয়ে মেয়র বলেন, “অনুমোদন হয়ে গেছে। এক থেকে তিন বছরের মধ্যে বাস্তবায়ন হবে। হয়ে গেলে আধুনিক বাসযোগ্য শহর হবে। বাণিজ্যিক রাজধানীকে যুগোপযোগী করতে কাজ করছি।”

কলেজের অধ্যক্ষ ডা. নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার ডা. জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন সিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর লুৎফুন্নেসা দোভাষ বেবী, কলেজ প্রতিষ্ঠাতার কন্যা অধ্যাপক ডা. খুরশিদ জাহান, হোমিওপ্যাথি বোর্ডের সদস্য ডা. আতাহার আলী এবং ডা. কায়েম উদ্দিন প্রমুখ।