মেয়র নাছিরের সঙ্গে বিজেপি নেতা রাম মাধবের সাক্ষাৎ
কক্সবাজারে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের ক্ষমতাসীন দল-বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব।
শুক্রবার রাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
এতে বলা হয়, সন্ধ্যায় কক্সবাজারের রয়েল টিউলিপ হোটেলে এই সৌজন্য সাক্ষাৎ হয়। নবম বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ডায়ালগে অংশ নিতে রাম মাধব কক্সবাজার এসেছেন। ওই ডায়ালগ উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
বৈঠকে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ভারতকে বাংলাদেশের ‘অকৃত্রিম ও পরীক্ষিত বন্ধু’ অভিহিত করেন।
তিনি বলেন, “ভারত বাংলাদেশের উন্নয়নের সহযোগী রাষ্ট্র। উন্নয়নের এই সহযোগিতা আগামী দিনেও অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করি।”
বন্দর নগরী চট্টগ্রামে ব্যবসা-বাণিজ্য ছাড়াও পাহাড়, পর্বত, নদী, সমতল পরিবেষ্টিত শহরের চিত্র তুলে ধরেন মেয়র।
এই শহরকে পরিকল্পিতভাবে সাজানোর পাশাপাশি বর্তমান সরকারের গৃহীত লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পগুলোর কথা বিজেপির জাতীয় সাধারন সম্পাদককে অবহিত করেন তিনি।
চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন, কর্ণফুলী নদীর তলদেশে ট্যানেল, মিরসরাইতে বঙ্গবন্ধু শিল্পনগর, আনোয়ারা শিল্পনগর, কক্সবাজারের মাতারবাড়িতে জ্বালানি হাব এবং চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইন নির্মাণের কথা তুলে ধরেন মেয়র নাছির।
রাম মাধব সিটি মেয়রকে ভারতের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয।
বৈঠকে রাম মাধব মেয়র নাছিরকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলেও সিটি করপোরেশনের পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
