মঙ্গলবার ছুটির দিনেও চলবে সোনার বাংলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের সুবিধার্থে মঙ্গলবার সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।
সকালেই ট্রেনটি চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে পূর্ব রেলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস) মোহাম্মদ নাজমুল ইসলাম জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থায় সাপ্তাহিক বন্ধের দিনে ট্রেনটি চালু রাখার সিদ্ধান্ত হয়।
চট্টগ্রাম থেকে ঢাকার বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস সাপ্তাহিক ছুটির দিন মঙ্গলবার ছাড়া প্রতিদিন বিকাল ৫টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। একই ট্রেন প্রতিদিন সকাল ৭টায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়ে।
ট্রেনটিতে শীতাততপ ও সাধারণ মিলিয়ে দিন ভেদে ৬০০ থেকে ৭০০টির মতো টিকিট বিক্রিযোগ্য থাকে।
রোববার থেকে শুরু হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।
