চবি ‘বি’ ইউনেটর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে (কলা ও মানববিদ্যা অনুষদের) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৩টায় ফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের দ্বায়িত্বপ্রাপ্ত উপাচার্য শিরীণ আখতার।
তিনি জানান, ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ১৩ হাজার ৪৭৩ জন উত্তীর্ণ হয়েছেন; পাসের হার ৩৬.৯৪ শতাংশ।
কলা ও মানববিদ্যা অনুষদের ডিন সেকান্দর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘বি’ ইউনিটের এক হাজার ২২১টি আসনের বিপরীতে এবার মোট ৪২ হাজার চারজন ভর্তিচ্ছু আবেদন করেছেন।
“সেখান থেকে ৮৭ শতাংশ ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন।”
পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে।
ডি ইউনিটের পরীক্ষা
‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সোমবার সম্পন্ন হয়েছে, যাতে অংশ নিয়েছে ৪৪ হাজার ৯৯০ জন পরীক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ডি-ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাস ও বাইরের হাটহাজারী কলেজ কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা হয়।
তিনি জানান, ‘ডি' ইউনিটের বিভিন্ন বিভাগে এবার এক হাজার ১৫৭ জনকে ভর্তি করা হবে। এর বিপরীতে আবেদন করেছিল ৫২ হাজার ৯১৭ জন। তবে শেষ পর্যন্ত সাত হাজার ৯২৭ জন অনুপস্থিত থাকে।
এই ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদের নয়টি বিভাগ, আইন অনুষদের অধীনে থাকা আইন বিভাগ, ব্যবসায় প্রশাসনের অনুষদের সব বিভাগ, জীববিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগ রয়েছে।
মঙ্গলবার এই ইউনিটের ফল প্রকাশ করা হতে পারে বলে আশা প্রকাশ করেন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক।
