২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রোপচারে দৃষ্টিশক্তি ফিরল ৯ রোহিঙ্গাসহ ১৩ শিশুর

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে অস্ত্রোপচারে দৃষ্টিশক্তি ফিরে পেল কক্সবাজারের স্থানীয় ও রোহিঙ্গা মিলিয়ে ১৩ শিশু।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2019, 06:56 PM

Updated : 18 Aug 2022, 05:59 PM

সোমবার ১৩ শিশুর চোখের বাঁধন খুলে দিলে তারা স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পায় বলে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। রোববার তাদের অস্ত্রোপচার হয়েছিল।

দৃষ্টিশক্তি ফিরে পাওয়া শিশুদের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী নয়জন এবং কক্সবাজারের স্থানীয় শিশু রয়েছেন চারজন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গা শিবিরের আশেপাশে হাসপাতালে চোখের অস্ত্রোপচারের ব্যবস্থা না থাকায় চট্টগ্রাম চক্ষু হাসপাতালে তা করা হয়।

শিশুদের অস্ত্রোপচার করেন চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. মেরাজুল ইসলাম ও ডা. নাসিমুল গনি চৌধুরী।

কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের (কিউএফএফডি) সহায়তায় অরবিস ইন্টারন্যাশনাল বাস্তবায়িত ‘কাতার ক্রিয়েটিং ভিশন (কিউসিভি) এক্সপান্ডিং আই কেয়ার ইন সাউথ ইস্ট বাংলাদেশ’ প্রকল্পের আওতায় ও কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের তত্ত্বাবধানে এই অস্ত্রোপচারে টেকনিক্যাল সার্পেট দেয় চট্টগ্রাম চক্ষু হাসপাতাল।

এর আগে চক্ষু চিকিৎসার জন্য অরবিস পরিচালিত বিভিন্ন ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা শিশুদের এবং নিয়মিত স্কুল সাইট টেস্টিং প্রোগ্রামের মাধ্যমে স্থানীয় শিশুদের চোখ পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে চিকিৎসা দিতে কক্সবাজারের বায়তুশ শরফ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখান থেকে অস্ত্রোপচারের জন্য চটগ্রাম চক্ষু হাসপাতালে পাঠানো হয়।

প্রকল্পের আওতায় ইতোমধ্যে প্রায় ৮৮ হাজার রোহিঙ্গা ও স্থানীয় শিশুর চোখ পরীক্ষার পাশাপাশি প্রায় ১০০০ শিশুকে চশমা দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।