চট্টগ্রাম ‘পর্যটন হাব’ হলে বাড়বে আয়: মেয়র নাছির
চট্টগ্রামকে ‘পর্যটন হাব’ ঘোষণা করা হলে এই খাতে আয় বাড়ার সম্ভাবনা দেখছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের দ্য পেনিনসুলা হোটেলে চিটাগাং ট্রাভেল মার্ট-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
নাছির বলেন, “চট্টগ্রামকে পর্যটন হাব হিসেবে ঘোষণা করা হলে বিশ্বে এই অঞ্চলের ভাবমূর্তি নতুন করে উদ্ভাসিত হবে। পাশাপাশি পর্যটন খাতে আয়ের সম্ভাবনা বৃদ্ধি পাবে।”
ভৌগলিকভাবে অপার সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রামে পর্যটন উপযোগিতা প্রসারে খাত সংশ্লিষ্টদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।
নাছির বলেন, “অতীতে আমাদের পর্যটন খাত উন্নয়নে যারা দায়িত্বে নিয়োজিত ছিলেন, তারাই সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। ফলে দেশের পর্যটন খাত উন্নয়নে প্রচুর সম্ভাবনা থাকা সত্বেও সেইভাবে এগিয়ে যায়নি।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘দূরদর্শী নেতৃত্বে’ দেশের পর্যটনে খাত বিশ্বমানের হওয়ার পথে এগিয়ে চলেছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, “আমাদের দেশ সম্ভাবনাময় দেশ। এ অফুরান সম্ভাবনাকে কাজে লাগাতে হলে নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িতে দেখার অনেক কিছু আছে।
“প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলা হয় এই চট্টগ্রামকে। তাই এয়ারলাইন্সগুলোকে চট্টগ্রামের পর্যটন শিল্পের বিকাশে যথার্থ দায়িত্ব পালন করতে হবে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে হবে। কানেকটিভিটি যত দ্রুততর করা যায় সেই চেষ্টা করতে হবে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, দ্য বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, এয়ার এরাবিয়ার কান্ট্রি ম্যানেজার সৈয়দ মুবিন রশীদ ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম প্রমুখ।
ইউএস-বাংলা এয়ারলাইন্স, রিজেন্ট এয়ারওয়েজ, এয়ার এরাবিয়া, ওসেন প্যারাডাইজ হোটেল, ব্যাংকক হাসপাতাল, মালয়েশিয়া ট্যুরিজম, কসমস হলিডে, বামরুনগ্রাদ হাসপাতাল, এশিয়ান হেলথকেয়ার, গ্রোট্রিপসহ পর্যটন সংশ্লিষ্ট ২০টিরও বেশি দেশি-বিদেশি প্রতিষ্ঠান এবারের পর্যটন মেলায় অংশ নিচ্ছে।
তিনদিনব্যাপী এই পর্যটন মেলা চলবে শনিবার পর্যন্ত।
ভ্রমণ বিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর আয়োজিত এই মেলার টাইটেল স্পন্সর অনলাইন ট্রাভেল এজেন্সি বাই টিকেটস।
দর্শনার্থীরা মেলা চলাকালীন এতে অংশ নেওয়া বিভিন্ন পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে এয়ার টিকেট, ট্যুর প্যাকেজ, হোটেল রুম ইত্যাদির ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় পাবেন।
