সাক্ষীকে ছুরিকাঘাত, যুবক গ্রেপ্তার
আদালতে সাক্ষ্য দেওয়ায় চট্টগ্রামে এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর বাকলিয়া এলাকা থেকে মঙ্গলার রাতে মো. মামুন (৩৭) নামের এ যুবককে গ্রেপ্তার করা হয়। তার বাসা রাজাখালী ফায়ার সার্ভিস সংলগ্ন বাচ্চুর বাপের বাড়ি এলাকায়।
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজাখালী এলাকায় জিয়াউল হক জিয়া নামের এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাত করেছিলেন মামুন, তার ভাই সোহেল, রুবেলসহ আরও কয়েকজন।
“কয়েক মাস আগে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনায় মামুন, সোহেল ও রুবেলের বিরুদ্ধে মামলায় আদালতে সাক্ষ্য দেওয়ায় জিয়াকে ছুরি মারা হয়েছিল বলে অভিযোগ তার পরিবারের।”
২২ সেপ্টেম্বর রাজাখালী এলাকায় জিয়াকে মামুনরা তিন ভাইসহ সহযোগীরা মিলে ছুরিকাঘাত করার ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়ে।
ওসি বলেন, হামলার পর জিয়ার অবস্থা আশঙ্কাজনক ছিল। স্থানীয় লোকজন ও পুলিশ উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে যায়। সেখানে পুলিশ সদস্যরা তাকে রক্ত দিয়ে জীবন বাঁচায়।
মামুনকে গ্রেপ্তার করে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, তিন রাউন্ড গুলি ও একটি কিরিচ উদ্ধার করা হয় বলে বলে জানান ওসি।
পুলিশ কর্মকর্তা নেজাম বলেন, মামুন ও তার ভাইয়েরা সন্ত্রাসী প্রকৃতির লোক। মামুনের বিরুদ্ধে বিভিন্ন আইনে ১০টি মামলা আছে। তার অপর দুই ভাইয়ের বিরুদ্ধেও কয়েকটি করে মামলা আছে বাকলিয়া থানায়। এলাকায় চাঁদাবাজি, জায়গা দখলসহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িত তারা।
মামুনের অপর দুই ভাই ও তাদের সহযোগীদের ধরার অভিযান চলছে বলে জানান ওসি।
