২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মাস পর রাস্তায় দেখে মোবাইল ছিনতাইকারীকে পুলিশে

চট্টগ্রাম শহরে দুই মাস আগে মোবাইল ছিনিয়ে নেওয়া এক ব্যক্তিকে রাস্তায় দেখে পুলিশে দিয়েছেন এক যুবক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2019, 09:09 PM

Updated : 10 Oct 2022, 09:23 PM

গ্রেপ্তার আব্দুল হামিদ (২২) চট্টগ্রামের চকবাজার থানার দেওয়ানবাজার এলাকার সাত্তার কলোনির বাসিন্দা। তিনি মোবাইল ছিনতাইয়ের কথা স্বীকার করে শুক্রবার আদালতে জবানবন্দি দিয়েছেন বলে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানিয়েছেন।

তিনি বলছেন, হামিদ একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। এই চক্রটি চার বছর ধরে নগরীর দেওয়ানবাজার, রহমতগঞ্জ ও এসএস খালেদ রোডে মোবাইল ছিনতাই করে আসছে।

ওই চক্রের অন্য দুই সদস্য মো. মামুন (২২) এবং মানিক ওরফে মালু (২৮) চকবাজার থানার অন্য এক মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছে।

ওসি মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আব্দুল হামিদ এর আগে তিনবার বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছিল।

“হামিদের সাথে মামুন ও মালুর পরিচয় ইয়াবার আসরে। তারা ২০১৬ সাল থেকে নগরীর দেওয়ান বাজার, রহমতগঞ্জ ও এস এস খালেদ সড়কে কৌশলে ছিনতাইয়ের এমন অনেক ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেছে।”

সর্বশেষ যে ঘটনায় আব্দুল হামিদকে গ্রেপ্তার দেখানো হয় সেটি ঘটে গত ১০ জুলাই। এ ঘটনায় মামলার বাদী তনয় দেবনাথ নগরীর সদরঘাট থানার মাঝিরঘাট স্ট্যান্ড রোড এলাকার বাসিন্দা।

মামলার এজাহারে বলা হয়,  ১০ জুলাই রাত ৯টার দিকে মামাত ভাই মিঠুন দেবনাথসহ জামালখান মোড় হয়ে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছান তনয়।

তনয় ও মিঠুনকে ডেকে আব্দুল হামিদ দাবি করেন মোবাইলে তার বোনের ছবি তুলেছেন ওই দুজন। সঙ্গে সঙ্গে সেখানে এসে হাজির হন মামুন ও মালু।

তনয় ও মিঠুন মোবাইলে কোনো ছবি তোলেননি বলে জানালেও তিন আসামি ক্ষিপ্তভাবে তাদের গালিগালাজ করতে থাকে।

“এক পর্যায়ে মোবাইল বের করে কোনো ছবি না তোলার প্রমাণ দেখালেও তা না শুনে ছোরার ভয় দেখিয়ে আমার ও মামাত ভাইয়ের দুটি মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় ছিনতাইকারী বলে চিৎকার করলে তারা একটি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে পালিয়ে যায়,” বলেছেন তনয়।

ওই ঘটনার দুই মাস পর বৃহস্পতিবার রাতে নগরীর দিদার মার্কেট এলাকায় আব্দুল হামিদকে দেখতে পান তনয়। এ সময় সেখানে থাকা টহল পুলিশকে ঘটনার বিষয়ে জানালে হামিদকে আটক করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে মোবাইল ছিনিয়ে নেওয়ার কথা স্বীকার করেন আব্দুল হামিদ। তনয়ের করা মামলায় তাকে শুক্রবার আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে ওসি মহসীন জানান।