২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবাই চুরি করেছিলেন শিশুটিকে

মনির হোসেনের উদ্দেশ্য ছিল দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়ে আবার প্রথম স্ত্রীর সঙ্গে সংসার করবেন। সেজন্য দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন্ম নেওয়া নিজের ১১ মাস বয়সী কন্যা সন্তানটিকে কৌশলে চুরি করেছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2019, 05:19 PM

Updated : 08 Apr 2022, 04:39 PM

গত শুক্রবার চট্টগ্রামের বাসা থেকে চুরি করা শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।

ঢাকার যাত্রাবাড়ি থেকে রোববার রাতে মনির (৪২) এবং তার প্রথম স্ত্রী রোজিনা বেগমকেও (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মনির প্রথম স্ত্রী থাকাবস্থায় ২০১৭ সালের ১৩ এপ্রিল রিনা বেগমকে বিয়ে করেন।

“মনির টানেল প্রকল্পের এক কর্মকর্তার গাড়ির চালক। দুই বছর আগে রিনাকে বিয়ে করে সে চট্টগ্রামের পতেঙ্গা ফুলছড়ি পাড়ায় একটি বাসা নিয়ে থাকেন। আর প্রথম স্ত্রী রোজিনা থাকেন ঢাকার যাত্রাবাড়ি এলাকায়।”

ওসি বলেন, “রিনাকে তালাক দিয়ে রোজিনার কাছে যাওয়ার জন্য মনির পরিকল্পনা করেছিল। পরিকল্পনা অনুযায়ী ২৫ দিন আগে সে রোজিনাকে চট্টগ্রামে নিয়ে এসে কাঠগড় এলাকায় বাসা ভাড়া করে দিয়ে সুযোগ খুঁজছিল মেয়েকে চুরি করে প্রথম স্ত্রীর কাছে নিয়ে যাওয়ার”

“শুক্রবার দুপুরে দ্বিতীয় স্ত্রী রিনা ও শিশুটিকে নিয়ে ঘুমিয়েছিল মনির। এক ফাঁকে উঠে মেয়েকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায় সে। প্রথম স্ত্রী রোজিনার কাছে মেয়েটিকে রেখে আবার রিনার কাছে জানায় মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না।”

পরে রোজিনা শিশুটিকে নিয়ে ঢাকায় চলে যান।

ওসি উৎপল বলেন, “এ ঘটনায় মামলার পর থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে আমরা তদন্ত শুরু করি এবং বিভিন্ন স্থানে শিশুটিকে সন্ধানের জন্য খোঁজ নিতে থাকি। মনিরের মধ্যে অসংলগ্ন আচরণ লক্ষ্য করে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করি। এক পর্যায়ে সে তার মেয়েকে চুরি করে প্রথম স্ত্রীর কাছে রাখার কথা জানায়।”

তিনি জানান, এরপর মনির এবং তার দ্বিতীয় স্ত্রী রিনাকে নিয়ে রোববার ঢাকার যাত্রাবাড়িতে রোজিনার বাসায় অভিযান চালিয়ে শিশুটির সন্ধান মেলে।