চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সংঘর্ষে যুবদল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে চট্টগ্রামে সংঘর্ষে জড়িয়েছে যুবদলের দুই পক্ষ।
রোববার বিকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় সমাবেশের।
সমাবেশ চলার মধ্যেই বিকাল সাড়ে চারটার দিকে যুবদল চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ এবং সংগঠনের নেতা শামসুল হকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় এক বিএনপি নেতা বক্তব্য রাখার সময় স্লোগান দেওয়াকে যুবদলের দুই পক্ষের কর্মীরা হাতাহাতিতে লিপ্ত হয়। এক পর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয় এবং চেয়ার ছোড়াছুড়ি করে।
পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং সমাবেশের কাজ পুনরায় শুরু হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির সম্পাদকমণ্ডলীর এক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুবদলের দুইপক্ষের মধ্যে সামান্য হাতাহাতি হয়েছে। পরে তা ঠিক হয়ে যায়।
কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, “স্লোগান দেওয়া নিয়ে দলীয় কার্যালয়ের ভেতরের মাঠে সমস্যা হয়েছে। এর প্রভাব বাইরের সড়কে পড়েনি।”
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে সকালে নগরীর বিপ্লব উদ্যানে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিকালে আয়োজন করা হয় সমাবেশের। এতে সভাপতিত্ব করেন মহানগর কমিটির সভাপতি শাহাদাত হোসেন।
