২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত এক, একে-২২ রাইফেল উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন, ঘটনাস্থলে পাওয়া গেছে একে-২২ রাইফেল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2019, 09:41 AM

Updated : 18 Aug 2022, 05:42 PM

বৃহস্পতিবার ভোরে ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার কোটাবাড়িয়া গ্রামের শিকদার পাড়ায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মাশকুর রহমানের ভাষ্য।

নিহতের বয়স আনুমানিক ৪০ বছর, তার নাম-পরিচয় জানাতে পারেনি র‌্যাব। তবে ওই ব্যক্তি অস্ত্র চোরাকারবারে জড়িত বলে র‌্যাব কর্মকর্তাদের ধারণা।

মাশকুর রহমান বলেন, ফটিকছড়ি উপজেলায় ‘অস্ত্র বেচাকেনার’ খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল সেদিকে যায়।

“এ সময় রাস্তার পাশ থেকে সন্ত্রাসীরা টহল দলের গাড়ির দিকে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। কিছু সময় দুইপক্ষের গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে যায়।”

এরপর ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একজনের লাশ উদ্ধারের পাশাপাশি একটি একে-২২ রাইফেল এবং ৬৩ রাউন্ড গুলি পাওয়া যায় বলে র‌্যাব কর্মকর্তা মাশকুর রহমানের ভাষ্য।