মেরিন একাডেমির কমান্ডেন্ট সাজিদই থাকছেন
বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ডেন্ট পদে সাজিদ হোসেনের চাকরির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন হয়েছে বলে বুধবার একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, “বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট নৌ প্রকৌশলী ড. সাজিদ হোসেনকে তার অবসরোত্তর ছুটি বাতিলের শর্তে আগামী ১ অক্টোবর ২০১৯ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল।”
১ অক্টোবর অবসরে যাওয়ার কথা ছিল সাজিদের।
১৯৯৩ সালে বাংলাদেশ মেরিন একাডেমিতে প্রকৌশলী প্রশিক্ষক পদে যোগ দেন তিনি। এরপর ২০০৯ সালে একাডেমির প্রধান হিসেবে কমান্ডেন্ট পদে নিযুক্ত হন।
চলতি বছরের মার্চ মাস থেকে তিনি নৌ-বাণিজ্য বিভাগের প্রিন্সিপ্যাল অফিসারের দায়িত্বেও আছেন।
সাজিদ হোসেন জাতিসংঘের অঙ্গসংস্থা আইএমও’র একজন মেরিটাইম অ্যামব্যাসেডর, ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি’র (ডব্লিউএমইউ, সুইডেন) বোর্ড অব গভর্নর্সের একজন সদস্য এবং ইনস্টিটিউট অব মেরিন ইঞ্জিনিয়ারিং, সাইন্স অ্যান্ড টেকনোলজি (আইমারেস্ট লন্ডন)-র একজন কাউন্সিল মেম্বার।
এরআগে ১৯৮০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সমুদ্রগামী জাহাজে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চাকরি করেন।
