চট্টগ্রামে ছিনতাইয়ের অভিযোগে পাঁচ কিশোরসহ গ্রেপ্তার ৬
চট্টগ্রামে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ কিশোরসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- ইয়াসিন মোল্লা (২০), আব্দুর রহিম (১৮), আমিরুল ইসলাম (১৮), রিপন (১৮), জীবন হোসেন ও সাগর হোমেন (১৮)।
নগরীর খুলশী ও বায়েজিদ বোস্তামী এলাকা থেকে শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে খুলশী থানার ওসি প্রণব চৌধুরী জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শনিবার বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের নবম শ্রেণীর একজন ছাত্র তার প্রতিষ্ঠানে যাওয়ার সময় পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠের সামনে তাকে গতিরোধ করে ইয়াসিনের নেতৃত্বে পাঁচ কিশোর।
“মাঠের পাশে পাহাড়ে নিয়ে গিয়ে ওই ছাত্রকে মারধর ও ছুরির ভয় দেখিয়ে সাথে থাকা একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ওই ছাত্রের চিৎকারে সেখানে দায়িত্বরত পুলিশ ও আশেপাশের লোকজন এগিয়ে এসে ইয়াসিন, রহিম ও আমিরুলকে হাতেনাতে আটক করে।”
পরে তাদের নিয়ে বায়েজিদ বোস্তামী ও খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে রিপন, জীবন ও সাগরকে গ্রেপ্তার তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়া মোবাইল সেট ও একটি ছুরি উদ্ধার করা হয় বলে জানান ওসি প্রণব।
তিনি বলেন, “গ্রেপ্তার সবাই নানা রকম ছিনতাইসহ কিশোর অপরাধের সাথে জড়িত। পলিটেকনিক এলাকাসহ বিভিন্ন স্থানে তারা ছিনতাইসহ অপরাধমূলক কাজ করে থাকে।”
