ট্রেন টিকেটসহ কালোবাজারি গ্রেপ্তার
চট্টগ্রাম রেল স্টেশন এলাকা থেকে দুইটি ট্রেনের টিকিটসহ এক কালোবাজারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে রেলওয়ে থানা পুলিশ খাইরুল ইসলাম (২৯) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে বলে জানান ওসি মোস্তাফিজ ভূঁইয়া।
খাইরুলের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায় হলেও থাকেন নগরীর পাহাড়তলী ঝর্ণাপাড়া এলাকায়।
ওসি মোস্তাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খায়রুল রেল স্টেশনের কফি হাউসের সামনে দাঁড়িয়ে যাত্রীদের কাছে বেশি দামে টিকেট বিক্রি করছিল।পুলিশ দেখে পালানোর সময় তাকে আটক করা হয়।
“পরে তার পকেট তল্লাশি করে ৯ অগাস্টের চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘মহানগর গৌধুলী’ ট্রেনের দুইটি ও ৫ অগাস্ট ঢাকা থেকে রাজশাহীগামী ‘ধূমকেতু’ ট্রেনের একটি টিকেট উদ্ধার করা হয়।”
ওসি জানান, গৌধুলী ট্রেনের টিকিটগুলো খাইরুল ৩১ জুলাই সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে এবং ধূমকেতু ট্রেনের টিকিটগুলো ৩০ জুলাই সংগ্রহ করেছে।
