২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু পরীক্ষায় বাড়তি ফি, চট্টগ্রামে ২ প্রতিষ্ঠানের জরিমানা

ডেঙ্গু শনাক্তের পরীক্ষায় সরকার নির্ধারিত ফি’র বেশি নেওয়ায় চট্টগ্রামের বেসরকারি সিএসসিআর হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2019, 07:45 PM

Updated : 08 Apr 2022, 04:31 PM

একই কারণে নগরীর অক্সিজেন এলাকায় প্লাজমা ডায়গনস্টিক সেন্টারকেও ৩০ হাজর টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করে।

মশাবাহিত রোগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়গনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষায় বেশি টাকা নেওয়া হচ্ছিল। এ অবস্থায় গত রোববার বেসরকারি হাসপাতালগুলোতে রক্ত পরীক্ষার ফি বেঁধে দেয় সরকার। 

সরকারের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গুর NS1 পরীক্ষা করতে সর্বোচ্চ ৫০০ টাকা নেওয়া যাবে। CBC পরীক্ষার জন্য নেওয়া যাবে সর্বোচ্চ ৪০০ টাকা। এছাড়া IgG ও IgM এই দুটি পরীক্ষা করাতে হবে ৫০০ টাকার মধ্যে।

অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোলপাহাড় মোড় এলাকায় সিএসসিআর প্রাইভেট লিমিটেডে ভোক্তার কাছ থেকে সরকার নির্ধারিত ৫০০ টাকার পরিবর্তে এক হাজার ২৬০ টাকা নিচ্ছিল।

“ডেঙ্গু সংক্রান্ত অন্য একটি পরীক্ষার ফিও ৬৪ টাকা বেশি নেওয়া হয়। গত ২৮ জুলাই থেকে সরকার নির্ধারিত ফি নেওয়ার কথা থাকলেও সেদিনও বেশি ফি নেওয়ার অভিযোগ পেয়েছি।”

এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করে সর্তক করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

পাশাপাশি হাসপাতালটিতে সেবার মূল্য তালিকায় ডেঙ্গু পরীক্ষার সরকার নির্ধারিত ফি উল্লেখ করতে বলা হয়েছে।

এ বিষয়ে সিএসসিআর হাসপাতালের প্রধান নির্বাহী ডা. সালাউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২৮ জুলাই সন্ধ্যায় সরকারি আদেশের বিষয়টি টেলিভিশনের স্ক্রলের মাধ্যমে জানতে পারি। তখনও কোনো সরকারি আদেশ আমাদের কাছে পৌঁছেনি।

“যিনি অভিযোগ করেছেন উনার এন্ট্রি সময় বিকাল পাঁচটার দিকে। পরদিন রিপোর্ট নেওয়ার সময়ও তিনি কিছু বলেননি। ২৯ জুলাই যারা রিপোর্ট নিয়েছেন তাদের অনেকে সরকার নির্ধারিত ফির কথা জানিয়ে সে অনুসারেই টাকা ফেরত নিয়েছেন। অভিযোগকারী আমাদের কাছে বিষয়টি নিয়ে সুরাহা চাননি। সরাসরি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেছেন।”

অন্যদিকে এ বিষয়ে প্লাজমা ডায়গনস্টিক সেন্টার কর্তৃপক্ষের কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি। 

অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, “আশা করি সবাই সরকার নির্ধারিত ফি নেবে। কেউ না নিলে আমাদের জানানোর অনুরোধ করছি।”

অভিযানে নগরীর জিইসি মোড়ে লার্জ ফার্মায় মেয়াদোত্তীর্ণ চিপস বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অনিবন্ধিত বিদেশি ওষুধ রাখায় কেয়ার অ্যান্ড কিউর ফার্মেসিকে আট হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার এবং সহকারী পরিচালক (মেট্রো) বিকাশ চন্দ্র দাস অংশ নেন। এতে এপিবিএনের একটি দল অভিযানে সহায়তা করে।

এর আগে ডেঙ্গু পরীক্ষার ফি বেশি দাবি করায় মঙ্গলবার নগরীর পাঁচলাইশ থানার চিটাগাং স্কয়ার ক্লিনিক্যাল ল্যাবরেটরিকে ৩০ হাজার টাকা জরিমানা করে অধিদপ্তর।