চট্টগ্রামে সংবর্ধনায় ’সাকিব’ রবে মুখর স্টেডিয়াম
বিশ্বকাপে অলরাউন্ড নৈপুণ্যের জন্য জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটি।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
বিকালে সাকিব আল হাসান স্টেডিয়ামে পৌঁছালে গ্যালারিতে থাকা হাজার খানেক দর্শক ‘সাকিব, সাকিব’ ধ্বনিতে তাকে স্বাগত জানান।
“কোটি কোটি ভক্তের মতো ক্ষুদে ক্রিকেটারদের কাছেও সাকিব স্বপ্নের ক্রিকেটার। তাকে কাছে পেয়ে খুদে ক্রিকেটাররা অনুপ্রাণিত হবে।”
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করা সাকিব আল হাসান বলেন, “আমাকে সম্মান জানানোয় চট্টগ্রামবাসীর প্রতি আমি কৃতজ্ঞ।
“আশা করি, আগামীতে চট্টগ্রাম থেকে আরও অনেকেই ভালো খেলে এমন সম্মান অর্জন করবেন। আপনাদের এই সম্মাননা খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে।”
সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দীন মো. আলমগীর, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আবদুল হান্নান আকবর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু হাসান সিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন।
