২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসির ২৪৮৫ কোটি টাকার বাজেট

চলতি অর্থ বছরে চট্টগ্রাম সিটি করপোরেশনের দুই হাজার ৪৮৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2019, 08:57 PM

Updated : 18 Aug 2022, 05:35 PM

মঙ্গলবার নগরীর থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে নিজের এই মেয়াদের শেষ বাজেট ঘোষণা করেন তিনি।

পাশাপাশি ২০১৮-১৯ অর্থ বছরের ২ হাজার ৪৫ কোটি টাকার সংশোধিত বাজেটও দেন তিনি। সেবার বাজেট ঘোষণা করা হয়েছিল ২ হাজার ৪২৫ কোটি ৪২ লাখ টাকার।

নতুন বাজেটকে ‘বাস্তবধর্মী ও বাস্তবায়নযোগ্য’ দাবি করে মেয়র বলেন, “গত অর্থ বছরে বাজেট বাস্তবায়নের সফলতার হার ৮৪ দশমিক ৩৩ শতাংশ। মিডিয়ার সমর্থন পেলে শতভাগ সফল হতাম। এবারের বাজেট শতভাগ বাস্তবায়নযোগ্য।”

২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে দুই হাজার ৪৮৫ কোটি ৯১ লাখ ৭৮ হাজার টাকা।

এরমধ্যে সর্বোচ্চ আয় ধরা হয়েছে উন্নয়ন অনুদান খাতে এক হাজার ৭০২ কোটি টাকা।

দ্বিতীয় সর্বোচ্চ আয় খাত ধরা হয়েছে বকেয়া কর ও অভিকর থেকে। এই খাতে আয়ের লক্ষ্য ২০১ কোটি টাকা। হাল কর ও অভিকর খাতে ১৪৪ কোটি ৩৬ লাখ টাকা এবং অন্যান্য কর বাবদ ১৩২ কোটি টাকা আয় ধরা হয়েছে।

বিপরীতে ব্যয় খাতে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে উন্নয়ন এডিপি ও অন্যান্য খাতে এক হাজার ৪৫২ কোটি টাকা। এরমধ্যে নগরীর বিভিন্ন ওয়ার্ডে সড়ক নেটওয়ার্ক এবং বাস-ট্রাক টার্মিনাল নির্মাণে সর্বোচ্চ চারশ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে বেতনভাতা ও পারিশ্রমিক খাতে ২৮২ কোটি ৯০ লাখ টাকা। তৃতীয় সর্বোচ্চ ব্যয় বকেয়া পরিশোধ খাতে ১৭৩ কোটি ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজেট বক্তৃতায় মেয়র নাছির বলেন, গত অর্থ বছরে গৃহীত উন্নয়ন প্রকল্পের আওতায় এক হাজার ৩৬৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয় করা হয়। যার মধ্যে বহদ্দারহাট বারইপাড়া হতে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন প্রকল্পে ভূমি অধিগ্রহণের জন্য ৮৫১ কোটি টাকা জেলা প্রশাসনকে দেয়া হয়েছে।

“সড়ক নেটওয়ার্ক উন্নয়ন ও বাস-ট্রাক টার্মিনাল নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের জন্য ১৩০ কোটি টাকা জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে। পরিচ্ছন্নকর্মী নিবাস নির্মাণ প্রকল্পের অধীনে ১৪তলা সাতটি ভবন নির্মাণের জন্য পরামর্শক নিয়োগ হয়েছে।”

বাজেট বক্তৃতায় বিভিন্ন ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরে নতুন নগর ভবন নির্মাণ বিষয়ে তিনি বলেন, আগামী সপ্তাহে ডিপিপি মন্ত্রণালয়ে পাঠানো হবে।

বিমানবন্দর সড়ক সম্প্রসারণের বিষয়ে মেয়র বলেন, “এটা কোথাও এক লেইন, কোথা দুই লেন, কোথাও চার লেন। এটা সব জায়গায় চার লেন করে সম্প্রসারণ করতে শীঘ্রই ডিপিপি পাঠানো হবে।”

নগরীতে যানজট নিরসনে মেট্রো রেল নির্মাণের প্রস্তাব বিষয়ে মেয়র নাছির বলেন, গণ পরিবহন ব্যবস্থার উন্নতি করতে না পারলে যেভাবে চাপ বাড়ছে নগরীতে যানজট বাড়ার সম্ভাবনা আছে।

“মাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) হল বিশ্বে এ সংক্রান্ত সর্বশেষ ধারণা। পরামর্শক প্রতিষ্ঠান প্রাক সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন দিয়েছে। বিশেষজ্ঞরাও মতামত দিয়েছেন।

“পরামর্শক প্রতিষ্ঠান যে তিনটি রুট প্রস্তাব করেছে তারমধ্যে একটি বাধাগ্রস্ত হচ্ছে। কিভাবে বাধা কমানো যায় তা নিয়ে বিশেষজ্ঞরা কাজ করছেন। উপায় বের হবে।”

এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, “মেট্রো রেল একটা মেগা প্রকল্প। সরকার সিদ্ধান্ত নেবে, এটা সিটি করপোরেশন করবে, না কি ঢাকার মতো আলাদা অথরিটি গঠন করে করা হবে।”

নগরীর ফিরিঙ্গি বাজার থেকে বারিক বিল্ডিং পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনাও জানান মেয়র।

কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.সামসুদ্দোহার সঞ্চালনায় অনুষ্ঠানে বাজেটের আয়-ব্যয়ের অংশ উপস্থাপন করেন কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ।