ক্যাম্প থেকে পালিয়ে পটিয়ায় বসতি, ৪২ রোহিঙ্গা আটক
চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে মিয়ানমারের ৪২ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ।
পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন থেকে সোমবার তাদের আটক করে টেকনাফের রোহিঙ্গা শিবিরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন।
আটক রোহিঙ্গাদের মধ্যে ২১ জন পুরুষ, ১৫ জন নারী ও ছয়টি শিশু।
ওসি বোরহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক করা রোহিঙ্গারা কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবির থেকে পালিয়ে পটিয়ায় এসে বসতি গড়েছিল।
“হাইদগাঁও ইউনিয়নে পাহাড় আছে। পাহাড়ের কাছাকাছি স্থানে তারা কাঁচাঘর তুলে বসতি করেছিল।
“রাতে অভিযান চালিয়ে সেখান থেকে সবাইকে আটক করে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে।”
ওসি বোরহান বলেন, রোহিঙ্গারা ক্যাম্প থেকে পালিয়ে এসে স্থানীয়দের সঙ্গে মিশে যাওয়া চেষ্টা করে এবং বিভিন্ন ধরনের অপরাধেও তারা জড়িয়ে পড়ে।
এর ধরনের ক্যাম্প পালানো রোহিঙ্গাদের শনাক্ত ও আটকের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
