২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কথিত বন্দুকযুদ্ধে ধর্ষণের আসামি নিহত

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2019, 09:49 AM

Updated : 18 Aug 2022, 05:35 PM

মঙ্গলবার ভোরে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মেহেরআটি গ্রামে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি কাজী মো. তারেক আজিজের ভাষ্য।

নিহত মো. আরমানের (২৫) বাড়ি পটিয়ার জিরি ইউনিয়নে। প্রতিবেশী অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে থানায়।

র‌্যাব কর্মকর্তা তারেক আজিজ বলেন, আরমানের অবস্থানের খবর পেয়ে র‌্যাবের একটি দল রাতে মেহেরআটি গ্রামে অভিযানে যায়।

“এ সময় সেখানে থাকা সন্ত্রাসীরা র‌্যাবের দিকে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। কিছু সময় গোলাগুলি চলার পর সন্ত্রাসীরা পালিয়ে যায়।

“পরে সেখানে আরমানের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় এবং একটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।”

এএসপি তারেক বলেন, গত ১৯ জুলাই রাতে জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামে অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটে।

পরে প্রতিবেশীরা ওই ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

ওই ঘটনায় মেয়েটির বাবা পটিয়া থানায় আরমান ও তার ছোট ভাই ইমরানের বিরুদ্ধে মামলা করেন।

ইমরানকেও আইন-শৃঙ্খলা বাহিনী খুঁজছে বলে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক তারেক আজিজ জানান।