অটাম সেমিস্টারে ভর্তিতে সিআইইউতে ওপেন ডে
চট্টগ্রামের বেসরকারি চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) অটাম সেমিস্টারের ওপেন ডে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার নগরীর জামালখান ক্যাম্পাসে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, শিক্ষক ও ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের নিজেদেরকে আত্মবিশ্বাসী, আত্মমর্যাদা সম্পন্ন এবং আত্মপরিচয়ে বলীয়ান হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে।
“সিআইইউ পড়ালেখার পাশাপাশি গবেষণামূলক কার্যক্রমে অধিক মনোযোগী। সুশিক্ষা ছড়িয়ে দিতে আমরা বদ্ধপরিকর।”
বক্তব্যে তথ্য ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ওপেন ডে অনুষ্ঠানে ভর্তির উপর বিশেষ ছাড় ছাড়াও ছিল স্পট অ্যাডমিশন, সেমিস্টার ফি ছাড়, ক্যারিয়ার আড্ডা, ক্যাম্পাস জব, স্কলারশিপ, বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথশিক্ষা কার্যক্রমের নানান তথ্য।
বর্তমানে সিআইইউতে বিজনেস স্কুল, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ও স্কুল অব ল-প্রোগ্রামের অধীনে বিভিন্ন বিষয়ে ভর্তির সুযোগ আছে।
সিআইইউ বিজনেস স্কুলের অধ্যাপক ড. নুরুল আবসার নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মো. রেজাউল হক খান, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, স্কুল অব ল’র উপদেষ্টা অধ্যাপক মো. জাকির হোসেন, বিজনেস স্কুলের ডিন ড. নাঈম আবদুল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমা প্রমুখ।
