২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারকে বেকায়দায় ফেলতে গুজব ছড়ানো হচ্ছে: নাছির

সরকারকে বেকায়দায় ফেলতে একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2019, 08:05 PM

Updated : 18 Aug 2022, 05:35 PM

সোমবার দুপুরে সার্কিট হাউজে আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি চট্টগ্রাম আয়োজিত ‘এসডিজি বাস্তবায়ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ বিশেষ উদ্যোগ এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন’ বিষয়ে অংশীজন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

মেয়র নাছির বলেন, “সরকারকে বেকায়দায় ফেলতে স্বার্থান্বেষী মহল গুজব ছড়াচ্ছে। আশার কথা হচ্ছে, জনসাধারণ এ বিষয়ে সচেতন হচ্ছে। গুজব রটনাকারীরা দেশের বেশি ক্ষতি করতে পারবেনা।

তিনি বলেন, “এসডিজি বাস্তবায়নের মূল উৎস প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ উদ্যোগের মধ্যে নিহিত রয়েছে। নির্বাচনী ইশতেহারসহ প্রধানমন্ত্রীর দশ উদ্যোগের সফল বাস্তবায়ন হলে টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। এজন্য সকলকে নিজ নিজ অবস্থায় থেকে ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানে প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, দেশব্যাপী সুষম উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। এরমধ্যে এসডিজি বাস্তবায়নের মূল সূত্র প্রোথিত।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ১০ বিশেষ উদ্যোগ বিষয়ে পৃথক পৃথক সভার মাধ্যমে অগ্রগতির হালনাগাদ তথ্য জনসাধারণের সামনে তুলে ধরতে পরামর্শ দেন সাংবাদিকরা।

পিআইডি চট্টগ্রামের উপ-প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ওমর ফারুক দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম সম্পাদক মহসীন কাজী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, দৈনিক দেশ রূপান্তরের ব্যুরো চিফ ফারুক ইকবাল বক্তব্য রাখেন।