চট্টগ্রামে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নিখোঁজ এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নের কারবালা টিলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মো. সাব্বির উদ্দিন ইকন (১৭) নামে এ কিশোর ফটিকছড়ি পৌরসভার ধুরং গ্রামের শাহাবউদ্দিনের ছেলে।
ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল সন্ধ্যার আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিল সাব্বির। বাড়ির লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পায়নি।”
দুপুরে স্থানীয়রা কারাবালা টিলা এলাকায় সাব্বিরের গলা কাটা লাশ দেখে পুলিশকে খবর দিলে পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ওসি বাবুল আক্তার বলেন, “সাব্বির স্থানীয় একটি স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় তার আবার পরীক্ষা দেওয়ার কথা ছিল।”
