অপরিকল্পিত নগরায়নের কুপ্রভাব ভোগ করছি: নাছির
অতীতের অপরিকল্পিত নগরায়নের ফল বর্তমানে নগরবাসী ভোগ করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ‘জনতার মুখোমুখি মেয়র’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা নগরী ও জামালখান ওয়ার্ডের বিভিন্ন সমস্যার বিষয়ে প্রশ্ন করেন এবং মতামত দেন।
এক প্রশ্নে মেয়র নাছির বলেন, “চট্টগ্রামের উন্নয়ন অতীতে সব পরিকল্পিতভাবে হয়েছে সেটা বলতে পারছি না। অপরকল্পিত নগরায়নের কুপ্রভাব আমরা ভোগ করছি।
“অপরিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি নিষ্কাশন হচ্ছে না। দায়িত্বজ্ঞানহীন মানুষের কাজে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। নগরবাসী সচেতন ও দায়িত্বশীল হলে সমস্যা ধারাবাহিকভাবে সমাধান সম্ভব হবে।”
তিনি বলেন, “এটা কোনো পরিকল্পিত নগর নয়। হলে এই নগরের স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা থাকত। কোন ওয়ার্ডে কত স্কুল-কলেজ ও হাসপাতাল থাকবে সেভাবে নির্ধারিত থাকত। এভাবে যানজটসহ নানা সমস্যা হত না।”
রাজস্ব আদায়ে ঘাটতির চিত্র তুলে ধরে মেয়র বলেন, “চলতি অর্থবছরে আমাদের আদায় ৪০ শতাংশ। মানে ৫৯ কোটি টাকা। শিক্ষা ও স্বাস্থ্য খাতে ভর্তুকি মোট ৫৪ কোটি টাকা। হাতে থাকে ৫ কোটি।
“মাসে বেতন-ভাতা দিতে হয় ২০ কোটি টাকা। বছরে প্রশাসনিক ব্যয় আসে ২৬০ কোটি টাকা। নগরবাসীর কাছ থেকে সমর্থন যা পাওয়া দরকার তা পাই না।”
জামালখান বাইলেনের নালায় মাটি ও পলিথিনের স্তুপ হয়ে আছে জানিয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, “গত সপ্তাহে কাউন্সিলর শৈবাল দাশ সুমনকে বলেছি। তিনি বলেছেন, এটা আমাদের নয় সিডিএর কাজ। সিডিএতে বলেছি, তারা বলছে এটা সিটি করপোরেশন করবে। সমাধান কী?”
জবাবে মেয়র বলেন, “আমাদের প্রত্যাশা ছিল নগরবাসী যত দ্রুত জলাবদ্ধতা থেকে মুক্তি পায়। তাই সিডিএ যখন জলাবদ্ধতা নিরসনে প্রকল্প নেয় তখন বলেছি, শতভাগের বেশি সহযোগিতা করব।
“সিডিএকে একাধিকবার চিঠি দিয়ে ও মৌখিকভাবে বলেছি কোন ৩০২ কিলোমিটার সেকেন্ডারি নালার কাজ তারা করবে সেটা জানাতে। তাহলে বাকিগুলো আমরা করব। একটা প্রকল্প এক প্রতিষ্ঠান নিলে অন্য প্রতিষ্ঠানের কাজ করার কোনো সুযোগ নেই। ওভারল্যাপিংয়ের সুযোগ নেই।”
নাছির বলেন, “সিডিএর নতুন চেয়ারম্যান ও সেনাবাহিনী দ্রুত তালিকা দেবেন বলে জানিয়েছেন। উনারা কিছু কাজ শুরু করেছেন। সিডিএর সাথে যোগাযোগ করে আপনার এলাকার সমস্যা সমাধান করব।”
চাঁদাবাজি-ছিনতাইয়ের অভিযোগ
অনুষ্ঠানে জামালখান সিঁড়ির গোড়া এলাকার বাসিন্দা ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এটিএম আহসানউল্লাহ খোকন বলেন, তার এলাকায় সকালে অবৈধ বাজার বসে।
“সেখানে চাঁদাবাজি চলে। ভ্যান থেকে চারশ, মাছ বিক্রেতার কাছ থেকে তিনশ এবং ঝুড়ি নিয়ে যারা বসে, তাদের কাছ থেকে দেড়শ টাকা করে নেওয়া হয়। পুলিশ একভাগ, সিটি করপোরেশনের লোকজন একভাগ এবং নেতা এক ভাগ নেয়।”
জবাবে আহসানউল্লাহ খোকন বলেন, পরিচ্ছন্নকর্মীরা টাকা তোলে।
মেয়র বলেন, “যদি আপনার অভিযোগ সত্যি হয় তাহলে তাদের আমি ডাকব। ব্যবস্থা নেব। আপনিও তো এলাকার নেতা। আপনার কী ভূমিকা আছে?
“নগরীতে যত বাজার, প্রয়োজন তত নেই। আপনি না করলেও এখানে অনেকে হয়ত বাজার করেন। তবে অনিয়ম হলে ব্যবস্থা নেব।”
নগরীর জামলাখানসহ বিভিন্ন এলাকায় দিনেদুপুরে প্রকাশ্যে ছিনতাই-চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ ঘটছে। অপরাধীদের অনেককে মেয়রের নাম ব্যবহার করতে দেখা যায়।
তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা, ভোরের কাগজের সাংবাদিক প্রীতম দাশের এ প্রশ্নে মেয়র বলেন, “নাগরিক হিসেবে আপনাদের দায়িত্ব রয়েছে। আপনি সেসব অপরাধীরে বিরুদ্ধে নিকটস্থ থানায় অভিযোগ করেছেন কিনা?
“কোনো সময় আমাকে বা কাউন্সিলরকে জানিয়েছেন কিনা? অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
যত্রতত্র ময়লা-আবর্জনা ফেললে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মেয়র।
সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ব্যবস্থা নিয়েছিলাম। নিজে দাঁড়িয়ে জরিমানাও করেছিলাম। কিন্তু সেসময় আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছিল। বলা হয়েছিল- আমি নাকি নগর কিনে ফেলেছি। নগরীর শাসক হয়ে গেছি। মার্শাল ল’ জারি করেছি কিনা?
“এই ধরনের অপপ্রচারের কারণে যত্রতত্র ময়লা-আবর্জনা নিক্ষেপকারীদের বিরুদ্ধে আপাতত ব্যবস্থা নেওয়া বন্ধ রয়েছে।”
পর্যায়ক্রমে নগরীর ৪১টি ওয়ার্ডে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান মেয়র।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিসির প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন এবং মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম মনি।
