২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেলের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে: সুজন

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, অতীতে রেলওয়ের যে সুনাম ও সক্ষমতা ছিল, সে ঐতিহ্যে রেলকে ফিরিয়ে নিতে কাজ করছেন তিনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2019, 11:03 PM

Updated : 18 Aug 2022, 05:33 PM

বুধবার দুপুরে পূর্ব রেলের পাহাড়তলি কারখানা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

চট্টগ্রাম সফরে এসে রেলমন্ত্রী হালিশহরে রেলওয়ে ট্রেনিং একাডেমি, পোর্ট ইয়ার্ড এবং রেলওয়ের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী সুজন বলেন, “আধুনিক আন্তর্জাতিক মানসম্পন্ন রেল সেবা দিতে চাই। সেলক্ষ্যে আমাদের কারখানাগুলো কোন পর্যায়ে নিতে পারি.. আমাদের সক্ষমতা বর্তমানে কোন পর্যায়ে আছে, এগুলো সম্পর্কে ধারণা নিতে এসেছি।”

তিনি বলেন, “ইতোমধ্যে তিনটি নতুন ট্রেন (ব্রডগেজ) চালু করতে পেরেছি। আরো ১২টি আগামী জুন মাসের মধ্যে চালু করতে পারব আশা করি।

“২০০টি মিটার গেজ কোচ পাব এবং ১০টি লোকোমোটিভ পেয়ে যাব। এগুলো পেলে আরো ১২টি নতুন ট্রেন চালু করতে পারব।”

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “রেলের যে সুনাম ও সক্ষমতা ছিল অতীতে সে ঐতিহ্যে আবার যেন ফিরিয়ে নিয়ে আসতে পারি সে লক্ষ্যে কাজ করছি।”

আসন্ন কোরবানির ঈদে ৫০ শতাংশ টিকেট অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানান মন্ত্রী।

পাহাড়তলিতে রেলওয়ে পূর্বাঞ্চলের ওয়ার্কশপে পরিদর্শনে এই প্রথমবারের মতো এলেন রেলমন্ত্রী।

আসন্ন ঈদ যাত্রায় গতবারের মতো আন্তঃনগর ৮টি বিশেষ ট্রেন চলবে। এছাড়া বিভিন্ন ট্রেনে অতিরিক্ত ১৪০০ কোচ সংযুক্ত হবে।

এসময় রেলের মহাপরিচালক(ডিজি) মো. শামসুজ্জামান, এডিজি (আরএস) ওমর ফারুক, পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ, অতিরিক্ত মহাব্যবস্থাপক সরদার শাহাদাত আলী, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা এস এম মুরাদ হোসেন, প্রধান যান্ত্রিক প্রকৌশলী মিজানুর রহমান উপস্থিত ছিলেন।