২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আওয়ামী লীগ-যুবলীগ সংঘর্ষে আহত ১০

চট্টগ্রামে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন; এদের মধ্যে গুলিবিদ্ধ একজনসহ চারজনকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2019, 07:07 PM

Updated : 10 Oct 2022, 09:13 PM

শনিবার বিকালে খুলশী থানার লালখান বাজারে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।

আহতরা হলেন- মনির হোসেন (৪০), মো. সোহেল (২৩), মো. সুমন (১৮) ও ইমন হোসেন (১৭)।

মনির হোসেন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ।

নগর পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ বোস্তামী জোন) পরিত্রাণ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।

স্থানীয়রা জানান, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম ও যুবলীগ নেতা আবুল হাসনাত বেলালের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে বেলালের সমর্থক এক যুবককে ছুরিকাঘাত করে মাসুমের সমর্থকরা। এ ঘটনার প্রতিবাদে দুপুরে বেলালের পক্ষের লোকজন লালখান বাজার মোড়ে সমাবেশ করে।

সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে লালখান বাজার এলাকায় ঢোকার সময় কাঁচাবাজারের কাছে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে মাসুমের সমর্থকরা। এসময় কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়া হয় বলে জানান তারা।

গত শতকের নব্বইয়ের দশকে চট্টগ্রামের সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের অনুসারী ছিলেন তৎকালীন কলেজ ছাত্রসংসদের এজিএস আবুল হাসনাত বেলাল।

বছর কয়েক আগে বেলালও লালখান বাজার এলাকায় আলাদা বলয় গড়ে তোলেন। এরপর থেকে দুইপক্ষের মধ্যে বিভিন্ন সময়ে সংঘাতের ঘটনা ঘটেছে।দুইপক্ষের বিবাদে হত্যাকাণ্ডও ঘটেছে।

খুলশী থানার ওসি প্রণব চৌধুরী জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।