এতো রোহিঙ্গা ঢুকবে ধারণা ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী
দুই বছর আগে মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের মুখে বাংলাদেশ অভিমুখে যেভাবে রোহিঙ্গাদের ঢল নেমেছিল সে ব্যাপারে আগে থেকে ধারণা করা যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেছেন, বিপুল সংখ্যক রোহিঙ্গা নাগরিককে আশ্রয় দিয়ে নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়লেও আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকায় তারা কোনো অরাজক পরিস্থিতি তৈরি করতে পারবে না।
বৃহস্পতিবার চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ পুলিশ উইমেন অ্যাওয়ার্ড ২০১৯ অনুষ্ঠান অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর ২০১৭ সালের অগাস্ট থেকে রোহিঙ্গাদের ঢল নামে বাংলাদেশের দিকে। সে সময় সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। আর আগে থেকেই ছিল চার লাখ রোহিঙ্গা।
আন্তর্জাতিক চাপের মধ্যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চুক্তি করার পর ২০১৮ সালের নভেম্বরে প্রত্যাবাসন শুরুর প্রস্তুতি নিয়েছিল বাংলাদেশ।
কিন্তু মিয়ানমারের পরিস্থিতি নিয়ে রোহিঙ্গাদের মনে আস্থা না ফেরায় এবং তারা ফিরে যেতে রাজি না হওয়ায় সেই পরিকল্পনা অনির্দিষ্টকালের জন্য ঝুলে যায়।
বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে, রাখাইনে রোহিঙ্গাদের নির্ভয়ে বসবাসের পরিবেশ তৈরি না করার মধ্য দিয়ে প্রত্যাবসনে মিয়ানমারের অনাগ্রহ প্রকাশিত হয়েছে।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে রোহিঙ্গাদের কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন।
বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “এতো অল্প সময়ের মধ্যে অর্তকিতভাবে লক্ষ লক্ষ জনতা এখানে ঢুকে গিয়েছিল, সেটা নিয়ে আমাদের কোনো ধারণা ছিল না।
“ধারণা থাকলে আগে থেকে তাদের একটা ব্যবস্থা আমরা করতাম। এখন সে ব্যবস্থা আমরা করতে পারিনি। একটা কাঁটাতারের বেড়া করার কথা ছিল, সেটাও আমরা করতে পারিনি।”
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ফাইল ছবি
এক প্রশ্নে আসাদুজ্জামান খাঁন বলেন, “এটা জোর গলায় বলতে পারি তারা যদি কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হতে চায়, আমাদের নিরাপত্তা বাহিনী তৈরি আছে। এখানে এগুলো করতে পারবে না।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রোহিঙ্গা সঙ্কট অবশ্যই আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেদিনের দৃশ্যটাও আপানাদের নিশ্চয়ই মনে আছে, সেদিন লাখ লাখে রোহিঙ্গা আমাদের নাফ নদীর তীরে অপেক্ষা করছিল। মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে আসতে দিলেন। সেই দৃশ্যটাও দেখেছেন।
“এখন অবশ্যই আমরা একটা চ্যালেঞ্জের মোকাবেলায় আছি। শুধু নিরাপত্তা নয়, ওই জায়গার বন উজাড় হয়ে গেছে, আপনারা দেখেছেন। একটা সামাজিক পরিবর্তনও আসছে, সেটাও আপনারা দেখেছেন। সেখানকার একজন সাধারণ শ্রমিক দৈনিক অন্তত পাঁচশ বা ছয়শ টাকা পেতেন। এখন এই রোহিঙ্গাদের দুইশ টাকা দিলেই কাজটি তারা করে দেয়। ওই এলাকায় একটা সামাজিক ঝুঁকিও আসছে।”
রোহিঙ্গাদের প্রায়ই ক্যাম্প ছেড়ে বেরিয়ে আসার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, “নিরাপত্তা বাহিনীও কিন্তু কাজ করছে, সঙ্গে সঙ্গে তাদের ধরে নিয়ে আসছে।”
নারী পুলিশের সংখ্যা বাড়ানোর দাবি নওফেলের
এর আগে অনুষ্ঠানের বিশেষ অতিথি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, “এসএসসিতে উত্তীর্ণ ছাত্রীরা ৬০ শতাংশ। তাদের যেন আমরা হারিয়ে যেতে না দিই। উন্নয়ন টেকসই হবে না যদি নারীরা এগিয়ে না আসতে পারেন।
“এজন্য বড় চ্যালেঞ্জ- সামাজিক নিরাপত্তা। এর জন্য পুলিশ বাহিনীতে নারীদের অংশগ্রহণ বাড়িয়ে তাদের তৃণমূলে ছড়িয়ে দিতে হবে।”
২০৩০ সালের মধ্যে পুলিশে নারী সদস্যের সংখ্যা ৫০ শতাংশে উন্নীত করার দাবি জানান নওফেল।
পরে প্রধান অতিথির বক্তৃতা দিতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১৯৭৪ সালে পুলিশে নারী সদস্য নিয়োগ শুরু হয়। বর্তমানে বাংলাদেশ পুলিশে প্রায় দুই লাখ সদস্যের মধ্যে নারীর সংখ্যা প্রায় ১৪ হাজার।
“এই জায়গায় আমরা পিছিয়ে আছি। আশা করি দ্রুততার সাথে এ সংখ্যা ১০ শতাংশে পূরণ করা হবে। নারী পুলিশ সদস্যরা ভালো কাজ করছেন। আরও বেশি যাতে নারীদের অন্তর্ভুক্ত করা হয় সেটা আইজিপি খেয়াল রাখবেন।”
চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন পুলিশের আইজি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, পুনাক সভাপতি হাবিবা জাবেদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম নিজামী এবং বাংলাদেশ উইমেন পুলিশ নেটওয়ার্কের সভাপতি আমেনা বেগম।
অনুষ্ঠানে ১০ পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ উইমেন অ্যাওয়ার্ড-২০১৯’ দেওয়া হয়।
