২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মীর মৃত্যু নিয়ে ওয়াহিদ কনস্ট্রাকশনের বক্তব্য ভিত্তিহীন: চায়না হারবার

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরীতে নির্মাণ প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশনের কর্মী হত্যাকাণ্ডের সঙ্গে নিজের কর্মীদের জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে বহুজাতিক প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2019, 10:15 PM

Updated : 18 Aug 2022, 05:26 PM

ওয়াহিদ কনস্ট্রাকশনের পক্ষ থেকে উদ্দেশ্যমূলকভাবে ওই হত্যাকাণ্ডের সঙ্গে চায়না হারবারকে জড়ানো হচ্ছে বলেও দাবি চীনা কোম্পানিটি।

গত ১৬ জুন দুপুরে মিরসরাই উপজেলায় ইছাখালী ইউনিয়নের চর সড়ক গ্রামের বঙ্গবন্ধু শিল্পনগর এলাকা সংলগ্ন সাগর থেকে ওয়াহিদ কনস্ট্রাকশান কোম্পানির নিরাপত্তাকর্মী নান্নু মিয়া (৪৫) লাশ উদ্ধার করে পুলিশ। তার দুই চোখ উপড়ানো এবং দুই কান কাটা ছিল।

এই ঘটনায় ওয়াহিদ কনস্ট্রাকশনস লিমিটেডের প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির এক্সকেভেটর অপারেটরসহ অজ্ঞাত পরিচয় ২০ থেকে ২৫ জনকে আসামি করে জোরারগঞ্জ থানায় মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ১৪ জুন বিকালে ওয়াহিদ কনস্ট্রাকশনসের একটি বোট বামন সুন্দর খালে প্রবেশের সময় চায়না হারবারের এক্সকেভেটর অপারেটর ‘বিনা উস্কানিতে’ আক্রমণ করে। তিনি এক্সকেভেটরের বাকেট দিয়ে আঘাত করতে চাইলে বোট অপারেটর ফারুক হোসেন বোট ফেলে চলে আসেন। পরে চায়না হারবারের কর্মচারীরা বোটটি পানি থেকে তুলে শুকনো জায়গায় রেখে দেয়।

রাতে ওই বোটটি আনতে গেলে চায়না হারবারের কর্মীরা নান্নু মিয়াকে আটকে রাখে বলে মামলায় অভিযোগ করা হয়।

Image
চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি

চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি

সোমবার চায়না হারবার কোম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলে, “চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীদের জড়িত করে ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেড কর্তৃক উত্থাপিত সব অভিযোগ, যা বিভিন্ন প্রতিবেদনে স্থান পেয়েছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির বাংলাদেশ কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক ফু জিউকুয়ান বলেন, “বর্তমানে বিষয়টি পুলিশের তদন্তাধীন এবং আমরা তদন্ত দলকে আন্তরিকভাবে সহযোগিতা করে যাচ্ছি। আমাদের আশা এবং বিশ্বাস যে ঘটনার পিছনের সত্যতা অতি শিগগিরই বের হয়ে আসবে।”

পুরনো খবর:

মিরসরাইয়ের সাগরে লাশ, চীনা কোম্পানির কর্মীদের বিরুদ্ধে মামলা