তালিকাভুক্ত সন্ত্রাসী বিধান বড়ুয়া জামিনে মুক্ত
পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বিধান বড়ুয়া জামিনে কুমিল্লা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
যুদ্ধাপরাধে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর এক সময়ের অনুসারী হিসেবে পরিচিত বিধান গত ৩ জুন তার বিরুদ্ধে থাকা মামলাগুলোয় জামিন মেলায় কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান।
কুমিল্লা কারাগারের জেলার ফোরকান ওয়াহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার বিরুদ্ধে দুটি হাজিরা পরোয়ানা ছিল। অন্যান্য মামলায় জামিনে ছিলেন। পরোয়ানা প্রত্যাহার হওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়।”
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির আহমেদ জানান, মুক্তির সপ্তাহখানেক আগে তাকে চট্টগ্রাম থেকে কুমিল্লা কারাগারে স্থানান্তর করা হয়েছিল। অস্ত্র মামলায় তার সাজা শেষ হয়েছে। অন্যান্য মামলায়ও তার জামিন ছিল।
বিধান রাউজান ও আশপাশের এলাকায় দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। সালাউদ্দিন কাদের গঠিত দল এনডিপিতে ছিলেন বিধান।
