বিকাশে চাঁদাবাজি: সিম সচলের চেষ্টায় থানায় গিয়ে ধরা
যে বিকাশ নম্বর থেকে ফোন করে মাছ চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছ থেকে ‘চাঁদা আদায় করা হত’, সেই নম্বর হারিয়ে তা সচল করার চেষ্টায় থানায় জিডি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন তিনজন।
পুলিশ বলছে, এরা একটি সংঘবদ্ধ চক্র হিসেবে এই কাজ করতেন। এদের এক সদস্য সদরঘাটে শ্রমিকের কাজ করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই চলত এই ‘চাঁদাবাজি’।
কখনো পুলিশ, কখনো র্যাব আবার কখনো কোস্টগার্ড পরিচয় দিয়ে মাছ ব্যবসায়ীদের কাছে থেকে বিকাশে টাকা আদায় করতেন তারা।
গ্রেপ্তাররা হলেন- মো. হান্নান (৪২), খোরশেদ আলম (৩৬) ও মো. সোহাগ (২৮)।
হান্নানের বাড়ি শরীয়তপুর, খোরশেদের কুতবদিয়া ও সোহাগের বাড়ি বরিশাল। তারা সবাই নগরীর সদরঘাট থানার কামালগেইট এলাকায় থাকেন।
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে বিকাশ নম্বর ব্যবহার করে চাঁদাবাজি করা হত সে সিমটি সম্প্রতি তারা হারিয়ে ফেলে। সিম কার্ড তুলতে পারলেও বিকাশ একাউন্টটি ব্লকড হয়ে যায়।
“বিকাশ একাউন্টটি সচল করতে দুপুরে তারা থানায় জিডি করতে এসেছিল। এ সময় সন্দেহ হওয়ায় আমি তাদের জিজ্ঞাসাবাদ করি। তারা কর্ণফুলী ফিশ মার্চেন্টস এসোসিয়েশনে কাজ করে বলে জানায়।”
ওসি নেজাম বলেন, “তাদের কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় এসোসিয়েশনের সভাপতি-সাধারণ সম্পাদককে ডেকে পাঠাই। এসোসিয়েশনের নেতারা এসে সিম নম্বর ও তাদের শনাক্ত করে।”
এই চক্রটি দীর্ঘদিন ধরে বিকাশের মাধ্যমে ‘চাঁদা আদায় করত’ বলে জানান এসোসিয়েশনের নেতারা।
ওসি নেজাম উদ্দিন বলেন, “ঘাট থেকে মাছবাহী গাড়ি বের হলেই এর বিষয়ে অন্য সদস্যদের তথ্য দিত হান্নান। গাড়ির বিষয়ে তথ্য পেয়ে ব্যবসায়ীদের ফোন করত চক্রের সদস্যরা। তারপর বিভিন্ন অঙ্কের চাঁদা দাবি করত।
“চাহিদা মতো টাকা না দিলে আসামিরা চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত সড়ক পথে বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশসহ বিভিন্ন থানায় গাড়িতে ইয়াবা, জাটকা মাছ থাকার মিথ্যা তথ্য দেয়।”
ওসি বলেন, তাদের কাছ থেকে তথ্য পেয়ে মহাসড়কে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাড়ি আটকে তল্লাশি করে। এ সময় কয়েক ঘন্টা বিলম্ব হলে গাড়িতে থাকা মাছগুলো নষ্ট হয়ে যায়।
“যেহেতু মাছ পচনশীল এবং নির্ধারিত সময়ে গন্তব্যে না পৌঁছালে পচে নষ্ট হবে সেহেতু ব্যবসায়ীরা বাধ্য হয়ে চাহিদা মতো চাঁদার টাকা পরিশোধ করত।”
গ্রেপ্তারের পর চক্রের সদস্যরা মাছ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছে বলে জানান তিনি।
