২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়তি ভাড়া ফেরত নিয়ে দিলেন বিআরটিএর হাকিম

ফেইসবুকে অভিযোগ দেখে ঈদে দূরপাল্লার যাত্রীদের কাছ থেকে নেওয়া বাড়তি ভাড়া ফেরত নিয়ে যাত্রীদের ফিরিয়ে দিয়েছেন চট্টগ্রাম বিআরটিএর এক হাকিম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2019, 12:45 AM

Updated : 18 Aug 2022, 05:21 PM

বৃহস্পতিবার দিনভর নগরীর দামপাড়া, বিআরটিসি মোড় ও অলংকার এলাকার বাস কাউন্টারগুলোতে এ অভিযান চালান বিআরটিএর চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী হাকিম এস এম মনজুরুল হক। 

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় চারটি পরিবহনের মোট পাঁচটি কাউন্টারকে এক লাখ এক হাজার টাকা জরিমানাও করেন তিনি।

২৫ মে 'ম্যাজিস্ট্রেটস অব বিআরটিএ চট্টগ্রাম' নামের ফেইসবুক পাতায় ঈদে দূরপাল্লার যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ার বিষয়ে তথ্য চাওয়া হয়।

মনজুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোন পরিবহন  যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে থাকলে সেই বাসের নাম, গন্তব্য, আদায়কৃত অতিরিক্ত টাকার পরিমাণ ও যাত্রীর মোবাইল নম্বর ইত্যাদি তথ্য প্রদানের আহবান জানাই। 

“সেখানে প্রতিশ্রুতি দিই বাড়তি ভাড়া নেওয়া পরিবহনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং সম্ভব হলে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া সংশ্লিষ্ট পরিবহনগুলোর কাছ থেকে আদায় করে যাত্রীদের ফিরিয়ে দেব।"

তাদের এ আহ্বানে সাড়া দিয়ে যাত্রীরা ফেইসবুক পাতায় অভিযোগ জানান। এসি ও নন এসি দুই ধরনের বাসের বিষয়েই অভিযোগ ছিল যাত্রীদের। এর ভিত্তিতে চালানো হয় অভিযান। 

মনজুরুল হক বলেন, অভিযানে দামপাড়ার ইউনিক ও সৌদিয়া পরিবহনের দূরপাল্লার বিভিন্ন গন্তব্যের যাত্রীদের কাছ থেকে আদায় করা বাড়তি টাকা ফেরত নিয়ে ছয়জন যাত্রীর হাতে তুলে দিই। 

“এছাড়া আমার সাথে যোগাযোগ করে দু'জন টাকা ফেরত নিয়ে গেছেন। তিনজন যাত্রীকে বিকাশ করে টাকা পাঠিয়েছি। আরও ১৫ জনের টাকা আমার কাছে আছে। কালই যোগাযোগ করে তাদের বাড়তি দেওয়া টাকা ফিরিয়ে দেওয়া হবে।”

যাত্রীদের কাছ থেকে বাড়তি নেওয়া প্রায় ১০ হাজার টাকা ফেরত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউনিক পরিবহনকে ২০ হাজার টাকা, সৌদিয়া পরিবহনের দুটি কাউন্টারকে ৩০ হাজার ও ২০ হাজার টাকা, দেশ ট্রাভেলসকে ২৫ হাজার এবং বিশাল পরিবহনকে ছয় হাজার টাকাসহ মোট এক লাখ এক হাজার টাকা জরিমানা করা হয়। 

মনজুরুল হক বলেন, “এ কাজটি করতে পেরে আনন্দ অনুভব করছি। মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করাই আমাদের দায়িত্ব। তা করতে অভিযান চলবে।”

বিআরটিএর এরকম উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা। কয়েকজন ফেইসবুকে ধন্যবাদ জানিয়ে লিখেছেনও।

এর আগে গত ২১ মে নগরীর স্টেশন রোডে যাত্রীবেশে অভিযান চালিয়ে হানিফ পরিবহন, শ্যামলী ও এন আর ট্রাভলসকে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেন বিআরটিএর এই নির্বাহী হাকিম।

এছাড়া ১৬ মে নগরীর শাহ আমানত সেতু এলাকায় যাত্রীবেশে দক্ষিণ চট্টগ্রামমুখী বাসে অভিযান চালিয়ে বাড়তি ভাড়ার প্রমাণ পেলে ১০টি বাসকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেন তিনি।