২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীমাবদ্ধ চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে: নওফেল

সীমাবদ্ধ চিন্তা থেকে বেরিয়ে এসে সুকুমার বৃত্তির চর্চার মাধ্যমে নিজের ইচ্ছেয় জীবন গড়তে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2019, 09:06 PM

Updated : 10 Oct 2022, 09:09 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের র‌্যাডিসন হোটেলে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

নওফেল বলেন, “শিক্ষা যেন দৃষ্টিভঙ্গিকে সংকীর্ণ না করে। আমাদের এমন মানসিকতা সৃষ্টি হয়, লেখাপড়া করে সুন্দর কাপড় পড়ে, চেয়ার-টেবিলে বসে সুন্দর অফিসে কাজ করব।

“পৃথিবীতে যারা সফল তারা কেউ গতানুগতিক পথে সফল হননি। জীবনে কোনো কাজকেই ছোট করে দেখবে না। আমরা যেন, ছোট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থাকি।”

‘লাইফ লং লার্নিং’ এ বিশ্বাসী হয়ে উঠতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের ক্ষুদ্র ভৌগলিক পরিসরে ১৬কোটির বেশি মানুষ যে খেয়ে পড়ে বেঁচে আছে এটা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতার ফল।

“এই বয়সেও তিনি প্রতিনিয়ত পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির উপযোগী কর্মপন্থা ঠিক করছেন। ১৯৯৬ সালে তিনি কৃষিতে ভর্তুকি দিয়েছিলেন বলে আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তিনি লাইফ লং লার্নিং এ বিশ্বাসী।”

কোনো পেশাকে অবজ্ঞা না করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে নওফেল বলেন, “আমরা ভাবি, আমরা মেধাবী। তাই কৃষি কাজ করব না। আমরা অনেক যোগ্য, অন্য কিছু করব। যতই আমরা উন্নত হই, যতই ভার্চুয়াল রিয়ালিটি আসুক, খাদ্য ছাড়া কেউ বাঁচবে না।

“উন্নত শিক্ষা নিয়ে যদি আমরা কৃষি কাজ করতে পারি তাহলে ভালো কিছু উৎপাদন সম্ভব হবে। এমনকি মানসম্মত প্রডাক্ট নিয়ে ব্র্যান্ডও গড়ে তোলা সম্ভব। যদি আমরা সীমিত চিন্তায় আবদ্ধ থাকি তাহলে বড় কিছু হবে না।”

নওফেল বলেন, “আমরা বেশি গতানুগতিক পথে হাঁটি। কারও খেলায় আগ্রহ, কারও ছবি আঁকায়। চমৎকার রেজাল্ট হয়েছে তোমাদের। এবার জীবনের এত চাপের বাইরে এসে সুকুমার বৃত্তির প্রকাশ এরকম কিছু একটার চর্চা করতে হবে।

“অভিভাবকদের উদ্দেশে বলতে চাই, সন্তানরা যেন নিজেদের শখ ও লক্ষ্য নিয়ে বাঁচতে পারে। অতি চাপে তাদের সৃষ্টিশীলতা লোপ পায়। এভাবে যেন চাপ না দিই। তাদের পেশা তারাই নির্ধারণ করবে।”

অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম বলেন, “সাধারণ পরিবারের এক সন্তান আমি। আমাকে মেকানিক বানানোর সিদ্ধান্ত হয়। আমরা মা সেদিন ঘোষণা দিয়েছিলেন- আমার ছেলে পড়বে।

“শুধু ভিক্ষা করা ছাড়া এ জীবনে সব কাজ করেছি। লজিং থেকে টিউশনি করে আমি অল থ্রু ফার্স্ট ক্লাস। আমি চাই তোমরা অনেক বড় হও। বাংলাদেশে যেভাবে এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতে দারুণ প্রতিযোগিতার জন্য প্রস্তুত হও।”

আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, “বঙ্গবন্ধু দুর্ভিক্ষের সময় নিজের গোলা খুলে দিয়েছিলেন গ্রামের দরিদ্র মানুষের জন্য। আজ অনেকে নিজের গোলা ভরার রাজনীতি করছি।

“অন্যের সম্পদের দিকে আমাদের চোখ। দেশের গোলা ভরে গেলে, বিদেশের গোলা ভরাতে চাই। রাজনীতি হলো মানুষের কল্যাণে নিজেকে উজাড় করে দেয়া, গোলা ভরানো নয়।”

পরিষদের সভাপতি সাজ্জাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংষদ খাদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম ইসলাম লিজা, চিত্রনায়ক ফেরদৌস প্রমুখ।

এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৯৮৩ জন শিক্ষার্থীকে অনুষ্ঠানে সনদ ও ক্রেস্ট দেয়া হয়।