চট্টগ্রামে বায়ু দূষণ বাড়ার জন্য দায়ী সরকারি সংস্থাগুলোর ‘সমন্বয়হীনতা’
বন্দর নগরীতে বায়ু দূষণ বাড়তে থাকায় এখানে চলমান উন্নয়ন কাজে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতাকে দায়ী করেছেন এক আলোচনা অনুষ্ঠানের বক্তারা।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বুধবার চট্টগ্রাম পরিবেশ ভবনের হালদা সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম আয়োজিত ‘বায়ু দূষণ’ বিষয়ক আলোচনায় এ মত আসে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা বলেন, চট্টগ্রামে উন্নয়নের ‘মহাযজ্ঞ’ চলছে। একটা রাস্তা দুই-তিন মাস পরপর কাটছে। আরাকান সড়কের এক পাশ গত দেড় বছর ধরে ওয়াসা কাটল, এখন কেজিডিসিএল কাটছে।
“নগরীতে ওয়াসার তিনটি প্রকল্প চলমান। হয়ত একটা রাস্তা সুন্দর করে করেছি। এখন তারা কাটছে। সরকারি প্রকল্প, সময়সীমা আছে। তাদের করতে দিতে হবে। প্রকল্প অনুমোদনের পরে তারা এসে বলে- কাটব।”
এখানে ‘সমন্বয় দরকার’ উল্লেখ করে তিনি বলেন, “সিসিসি খুব বেশি ভূমিকা রাখতে পারছে না। সমন্বয় দরকার, মাইন্ড সেটের পরিবর্তন দরকার।
“ওয়াসা সুয়ারেজ প্রকল্পের কাজ শুরু করব। তখন যে রাস্তায় কাজ হবে সেই রাস্তা দিয়ে তো গাড়িও চলতে পারবে না। ওই প্রকল্প তো ২০২৭-২৮ সাল পর্যন্ত চলবে।”
ধুলোবালির কারণে বায়ু দূষণ ঘটছে বলে মত দেন সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনির উদ্দিন।
তিনি বলেন, “এখানে এক রাস্তা বছরে তিন বার না কাটলে হয় না। এই সমন্বয় কেন আমরা করতে পারি না?
“করতে না পারলে বলে লাভ কী? বিটুমিন দিয়ে রাস্তা করার সময় পোড়ানো হচ্ছে সিনথেটিক কাপড়। ভয়াবহ অবস্থা। প্রত্যেকে আমরা ভুক্তভোগী।”
ড. মনির উদ্দিন বলেন, “আমাদের আম বিক্রেতা আম বিক্রির আগে নিজের জন্য আলাদা করে রাখেন। আর মাছওয়ালাও তাই। কিন্তু মাছ বিক্রেতা আম খান আর আম বিক্রেতা মাছ খান। অর্থাৎ সবাই ভুগছে।”
সিসিসিকে ‘সমন্বয়’ করার বিষয়ে আহ্বান জানিয়ে তিনি বলেন, “মানুষ শহরে আসে ভালো থাকার জন্য। কিন্তু এখানে মাস্ক পরতে হয়, গ্রামে তো পরতে হয় না। আমি ট্যাক্স দিব, আপনি নিরাপত্তা দিবেন। কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হবে, তা তো হয় না।”
অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক বলেন, “রাস্তা খোঁড়াখুড়িতে প্রচুর দূষণ হয়। পাশাপাশি অ্যাসফল্ট প্ল্যান্টের ধোঁয়াও। ঠিকাদারদের কাজের শর্তে যদি এসব বিষয়ে নির্দেশনা দেওয়া যায় তাহলে বায়ু দূষণ অনেক কমবে।”
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
তিনি বলেন, “বাতাসে বস্তুকণা বড় হুমকি। ঠিকমতো ব্যবস্থা না নিলে আমাদের চীনের মতো অবস্থা হবে। সেখানে বিশুদ্ধ বাতাস কিনে নিতে হয়।
“মহেশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। এখানে শিল্প ও অবকাঠামো উন্নয়ন হচ্ছে। গাড়ির সংখ্যা বাড়ছে, সাথে যানজটও। জাহাজের সংখ্যা বাড়ছে আর নগরীর আশেপাশে ইটভাটা। এখনই পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া দরকার।”
বায়ু দূষণের কারণে বাংলাদেশের জিডিপির চার দশমিক তিন শতাংশ ক্ষতি হয় বলে দাবি করেন অধ্যাপক মোশাররফ।
বায়ু দূষণ কমাতে পরিবেশবান্ধব বৃক্ষরোপন, শিল্পে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে দূষণ হ্রাস, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, জ্বালানির ব্যবহার হ্রাসসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগাদা দেন তিনি।
অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, অধিদপ্তরের চট্টগ্রাম গবেষণাগারের পরিচালক মোহাম্মদ নুরূল্লাহ নূরীসহ কর্মকর্তা ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
