২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা পাচারের অভিযোগে ট্রাভেল এজেন্সিকর্মীর বিরুদ্ধে মামলা

ট্রেনে করে চট্টগ্রাম থেকে ঢাকায় চার রোহিঙ্গা শরণার্থীকে পাচারের সময় গ্রেপ্তার ট্রাভেল এজেন্সির কর্মী জেয়াবুল হোসেনের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ আইনে মামলা করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2019, 04:21 PM

Updated : 18 Aug 2022, 05:17 PM

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম রেল স্টেশনে ঢাকাগামী তূর্ণা নিশীথা ট্রেন থেকে চার রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম রেল পুলিশের ওসি মোস্তাফিজ ভুইয়া জানিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত হিসেবে সন্দেহভাজন রেয়াজউদ্দিন বাজারের আবদুল হাকিম নামে আরও একজনকে খোঁজা হচ্ছে।

রোহিঙ্গারা হলেন- কক্সবাজার জেলার উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প ডি-এর সুরিয়া বেগম (৩৮),  শাহিদা আক্তার (১৮) ও উম্মে রুমা (সাড়ে চার বছর) এবং ১৭ নম্বর ক্যাম্পের এনামুল্লাহ (১৭)। তাদের সঙ্গে থাকা জেয়াবুল (২২) চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজারের পাখির গলির কুতুব ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের কর্মী। তিনি সাতকানিয়া থানার চুরামনি গ্রামের মৃত সামছুল আলমের ছেলে। 

ওসি মোস্তাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেয়াবুল ট্রেনে করে রোহিঙ্গাদের ঢাকায় নিয়ে যাচ্ছিল। সেখান থেকে তাদের সৌদি আরবের জেদ্দায় পাঠানোর কথা ছিল। 

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেয়াবুল জানিয়েছে, ঢাকার কমলাপুরে এদের পৌঁছে দিলে সে জনপ্রতি তিন হাজার টাকা করে পেত। সেখানে অন্য একজন এসে তাদের নিয়ে যাওয়ার কথা।

আটক রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উদ্ধৃত করে এই পুলিশ কর্মকর্তা বলেন, সুরিয়া বেগমের দাবি শাহিদা ও উন্মে রুমা তার মেয়ে। এনামুল্লাহ তার বোন জামাই। সুরিয়া জানিয়েছে তার স্বামী মারা গেছে। সৌদি আরবে তাদের আত্মীয় আছে। সেখানে তার মেয়ে শাহিদার বিয়ে দেওয়ার কথা। একারণে তিনি দুই মেয়ে ও বোন জামাইকে নিয়ে সেখানে যাচ্ছিলেন।

ওসি মোস্তাফিজ বলেন, ঢাকায় গিয়ে তাদের পাসপোর্ট সংগ্রহ করার কথা। তবে সুরিয়া ঢাকা শহর বা ঢাকা বিমানবন্দর কিছুই চেনেন না। গত বছর রোহিঙ্গা ক্যাম্পে তৈরি আইডি কার্ডে শাহিদার বয়স লেখা ১৩ বছর। মায়ের নাম লেখা সুরা খাতুন। 

“এদের দেওয়া সব তথ্য যাচাই করতে সময় প্রয়োজন। এরা যে ভাষায় কথা বলে সেটা আমরা বুঝি না। রেয়াজউদ্দিন বাজারের আবদুল হাকিম নামে এক লোক জেয়াবুলকে তাদের ঢাকা পৌঁছানোর দায়িত্ব দেয়। আবদুল হাকিমকে খোঁজা হচ্ছে।” 

এ ঘটনায় জেয়াবুলসহ তার সহযোগীদের আসামি করে মানবপাচার প্রতিরোধ আইনের ৭ ধারায় জিআরপি থানায় মামলা করেছে পুলিশ।