পরিবহন শ্রমিকদের কাছে পুলিশ অসহায়: সিএমপি কমিশনার
পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে অঅইন প্রয়োগ করতে গিয়ে পুলিশের অসহায়ত্বের কথা উঠে এসেছে চট্টগ্রামের পলিশ কমিশনার মাহবুবর রহমানের মুখে।
সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটি আয়োজিত গাড়ি চালকদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতিসংঘ ঘোষিত পঞ্চম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ উদযাপন উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।
সিএমপি কমিশনার মাহবুবর রহমান বলেন, “ব্যক্তিগতভাবে আমি সবসময় কঠোর পুলিশিংয়ের পক্ষে। আপনারা দেখেছেন আমরা ঘোষণা করেছি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে কোনো হত্যাকাণ্ড ঘটলে, আমরা পুলিশ বাহিনী সে আগ্নেয়াস্ত্র উদ্ধার করব।
“উদ্ধার করতে যদি তাকে (আটক ব্যক্তি) নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে যেতে হয় আমরা তাই যাব। যদি আমাদের সাথে মোকাবেলা করতে হয় আমরা তাই করব।”
উপস্থিত গাড়ি চালকদের উদ্দেশ্যে মাহবুবর রহমান বলেন, “কিন্তু আমরা কঠোর ব্যবস্থা কার্যকর করতে পারি না শুধুমাত্র আপনাদের বেলায়। চালক-শ্রমিকরা ভাইয়েরা, সত্যিকার অর্থেই আপনাদের কাছে আমরা অনেক ক্ষেত্রে অসহায় হয়ে যাই।
“আপনারা যদি নিজেদের দায়িত্বটুকু পালন করেন তাহলে আমাদের শক্তি প্রয়োগ করতে হয় না। আইনের ভাষায় যেভাবে শক্তি প্রয়োগ করার কথা বাস্তবে আমরা তা অনেকাংশেই করতে পারি না।”
গাড়ি চালকদের প্রতিদিন প্রায় চার লাখ টাকা এবং এক মাসে কম-বেশি এক কোটি টাকা জরিমানা করা হয় বলেও জানান সিএমপি কমিশনার।
আইন না মানার কারণে এসব সাজা দেওয়া হয় জানিয়ে তিনি বলেন, “কিন্তু আরও যে পানিশমেন্ট দেওয়ার কথা সেগুলোতে আমরা যেতে পারি না। কারণ আপনারা সমাজের একটি বড় অংশ।
“আমরা যে আইন সাধারণ মানুষের প্রতি প্রয়োগ করি সে আইন ছাত্রদের বেলায় প্রয়োগ করতে পারি না। যে আইন খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে প্রয়োগ করি, সে আইন আমি অবশ্যই অবশ্যই সচেতন মানুষের বিরুদ্ধে প্রয়োগ করতে পারি না। এ অবস্থা থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। আমরা চাই, সকলের ক্ষেত্রে আইন সমানভাবে কার্যকর হবে।”
এক্ষেত্রে পরিবহন মালিক-শ্রমিকদের একটা বিরাট ভূমিকা আছে উল্লেখ করে তিনি বলেন, “ঈদের পর অবশ্যই শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে চালকদের আইডি কার্ড গলায় ঝোলানোর মত ব্যবস্থা করা যায় কি না সেটা দেখব।”
‘ফুটপাত না, চিন্তা রাস্তা নিয়ে’
ফুটপাতের পর এখন বন্দর নগরীর সড়কগুলোও দখল হয়ে যাচ্ছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন সিএমপি কমিশনার।
তিনি বলেন, সকলের মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই শহরকে বসবাস যোগ্য করতে হবে। এখানে সিডিএ চেয়ারম্যানের ভূমিকা আছে। সিটি করপোরেশনের মেয়রের ভূমিকা তো বিশাল।
“আমি ফুটপাতের মালিক নই। মালিক হচ্ছেন সিটি করপোরেশনের মেয়র। এই ফুটপাতে যারা ব্যবসা করে তারা কিভাবে ব্যবসা করে আপনারা জানেন, আমরা জানি। আমরা চাইলেই এই ফুটপাত থেকে হকার উচ্ছেদ করতে পারিনা।”
মাহবুবর রহমান বলেন, “রমজান মাসের শুরুতেও আমি আল্টিমেটাম দিয়েছি আমার ট্রাফিককে এবং কোতোয়ালী থানাকে। নিউমার্কেট মোড়ের যে হকার আছে তারা যেন অন্তত রাস্তাটুকু ছেড়ে দেয়। আমি ফুটপাত নিয়ে চিন্তা করি না, এখন চিন্তা করি রাস্তা নিয়ে।
“এই রাস্তা দখল করে বসে আছে হকাররা। ফুটপাত ছেড়ে রাস্তায় চলে এসেছে। আমরা তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছি। কিন্তু বিনীত নিবেদন করছি, এগুলো রাজনৈতিক ইস্যু। এগুলো রাজনৈতিক নেতৃবৃন্দকে দিয়েই সমাধান করতে হবে।”
তিনি বলেন, “আমরা জানি, ভোটের রাজনীতির জন্য এটি অনেক সুন্দর বিষয়। হকারদের উচ্ছেদ করতে হলে রাজনৈতিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই মিলে। এখানে সরকারি দলের একটি ভূমিকা আছে, মেয়র মহোদয়ের একটা ভূমিকা আছে।
“আমরা প্রস্তুত যে কোনো সময় পাঁচশ, এক হাজার, পাঁচ হাজার ফোর্স নিয়ে প্রস্তুত। চাই ফুটপাত পথচারীদের জন্য থাকুক। রাস্তা থাকুক চালকদের জন্য। রাস্তা হাঁটার জন্য না। সে রাস্তাটুকু আপনাদের আমরা দিতে পারি না।”
নিসচা চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এস এম আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) হারুণ রশিদ হাজারী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, নগর পরিকল্পানাবিদ স্থপতি আশিক ইমরান, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মনজুরুল আলম মনজু, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন হাকিম আলী, কাউন্সিলর আনজুমান আরা বেগম আনজু।
