২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেশি দামে কলা বিক্রি, চার পাইকারকে জরিমানা

রোজায় কলার দাম বাড়ানোর অভিযোগে চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারের চার পাইকারকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2019, 09:56 PM

Updated : 18 Aug 2022, 05:16 PM

শনিবার বিকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তাহমিলুর রহমান এবং কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন- মেসার্স সাত্তার ফার্মের ফিরোজ, মদিনা ফার্মের মো. সবুজ, সততা ফার্মের সফিকুল ইসলাম ও মেসার্স দরবার শরিফের খোরশেদ আলম।

ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১ মে পাইকারি বাজারে সাগরকলা প্রতি শত বিক্রি হয় ২০০ থেকে ২৭০ টাকায়, আর রোজায় এসে পাইকারি বাজারগুলোতে একশ কলা বিক্রি করা হচ্ছে সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকায়।

“আর এসব কলা নগরীতে খুচরা দোকান বা বাজারে আরও বেশি দামে বিক্রি করা হচ্ছিল। দেশি বাংলা কলা পাইকারি বাজারে রোজার আগে প্রতিটি চার টাকা করে বিক্রি করলেও রোজায় বিক্রি করা হচ্ছে ১০-১২ টাকায়। আর এ কারণে খুচরায় প্রতি কলা বিক্রি হচ্ছিল ১৬ থেকে ২০ টাকায়।”

ম্যাজিস্ট্রেট জানান, আড়তদার ও বেপারি যোগসাজশ করে কৃত্রিমভাবে কলার দাম বাড়িয়ে পাইকারিতে বিক্রি করা হচ্ছিল।

“একারণে চারজন পাইকারকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে বিচার করে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।”