আরেকজনের হয়ে পরীক্ষা দিতে গিয়ে কারাগারে
চট্টগ্রাম সরকারি কলেজের প্রথম বর্ষের এক ছাত্রের হয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ার পর এক বছর কারাদণ্ড হয়েছে দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর।
শনিবার নগরীর সরকারি সিটি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডিত আবদুল্লাহ আল জাবের (২২) চট্টগ্রাম সরকারি কলেজের স্মাতক (পাস) দ্বিতীয় বর্ষের ছাত্র।
একই কলেজের স্নাতক (পাস) প্রথম বর্ষের শিক্ষার্থী সাঈদ নূরের হয়ে পরীক্ষা দিচ্ছিলেন তিনি।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের পরীক্ষা ছিল।
“জাবের সিটি কলেজ কেন্দ্রে সাঈদ নূরের হয়ে পরীক্ষা দিচ্ছিল। কিন্তু খাতায় নাম লেখার সময় সে কাটাকাটি করে। এতে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপালনকারী শিক্ষকের সন্দেহ হয়। তখন জিজ্ঞেস করা হলে সে স্বীকার করে অন্যের হয়ে ‘প্রক্সি’ দেওয়ার বিষয়টি।”
মাহফুজা জেরিন বলেন, “এরমধ্যে চারটি পরীক্ষা হয়ে গেছে। আজ ছিল পঞ্চম পরীক্ষা। আগের চারটি পরীক্ষাতেও প্রক্সি দেয় জাবের।
“প্রক্সি দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাবলিক পরীক্ষা আইনের ধারা অনুসারে তাকে এক বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
“জরিমানার টাকা দিতে না পারায় তাকে আরও সাত দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।”
