চট্টগ্রামের পাহাড়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন চলছেই
চট্টগ্রাম নগরীর আমবাগান এলাকায় এ কে খানের পাহাড়ে বসবাসরত ৭০ পরিবারের অবৈধ বিদ্যুৎ, গ্যাস ও পনির সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রশাসন।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালান জেলা প্রশাসনের আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম।
তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাহাড়টিতে অবৈধ স্থাপনা তৈরি করে ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাসরত পরিবারে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ ছিল। অভিযানে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এসময় পিডিবি থেকে ইস্যুকৃত পাঁচটি বিদ্যুতের মিটার ও বিভিন্ন বিলের কপি জব্দ করা হয়।
পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী নগরীর ১৭টি পাহাড়ের পাদদেশে অবৈধ বসতি স্থাপনকারী ৮৩৫ পরিবার উচ্ছেদে চট্টগ্রাম জেলা প্রশাসন অভিযান শুরু করেছে। এর অংশ হিসেবে একে খান পাহাড়ে অভিযান পরিচালনা করা হয়।
