২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ‘শপিং ব্যাগ’কে জরিমানা

বন্দর নগরীর সর্ববৃহৎ সুপার শপ ‘শপিংব্যাগ’ এ বিভিন্ন পণ্যের মূল্য তালিকা না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2019, 09:36 PM

Updated : 18 Aug 2022, 05:15 PM

বুধবার জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিমের অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম।

তৌহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুপার শপ শপিংব্যাগ এ অভিযানের সময় দেখা যায় পেঁয়াজ, আলু, রসুনসহ বেশ কিছু কর্ণারের পণ্যে মূল্য তালিকা নেই। এ কারণে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

নগরীর আসলাম সিনেমা হল সংলগ্ন সুপার শপ শপিং ব্যাগ চট্টগ্রাম শহরের সবচেয়ে বড় সুপার শপ।

এর আগে জেলা প্রশাসনের অভিয়ান দল নগরীর অন্যতম বড় কাঁচা বাজার কাজীর দেউড়ি বাজারে অভিযান পরিচালনা করে।

অভিযান চালানোর আগেই মনিটরিং টিমের কয়েকজন ‘সোর্সকে ক্রেতা সাজিয়ে’ ওই বাজারে পাঠানো হয়েছিল বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল।

তিনি বলেন, ওই বাজারের ফলের দোকানগুলোতে কোনো মূল্য তালিকাই ছিল না। বিক্রেতারা সোর্সদের কাছে বাংলা কলা প্রতি ডজন ১৮০-২০০ টাকা এবং প্রতি কেজি মাল্টা ১৮০ টাকা দাম চায়।

“বিক্রেতাদের কাছে থাকা ক্রয় রশিদ যাচাই করে দেখা গেছে, অধিকাংশ ক্ষেত্রে বাজার নির্ধারিত মূল্যের চেয়ে ফলের দাম কাজীর দেউড়িতে বেশি।”

এসময় তিন জন ফল বিক্রেতাকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কাজীর দেউড়ি বাজারে গরুর মাংস প্রতি কেজি ৫৫০ টাকায় বিক্রি হচ্ছিল। হাঁড়সহ প্রতি কেজি গরুর মাংসের নির্ধারিত মূল্য ৫২০ টাকা।

এ কারণে এক মাংস বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্য মাংস বিক্রেতাদের সর্তক করা হয়।

তৌহিদুল জানান, বাজারে অনেক ব্যবসায়ী আমাদের উপস্থিতি টের পেয়ে মূল্য তালিকা সংশোধন করছিল। বেশি দামে শসা-বেগুন-কাঁচামরিচ বিক্রি করায় চারটি দোকানকে জরিমানা করা হয়েছে।

এছাড়া ওই বাজারে একটি মুরগির দোকানে মূল্য তালিকা না থাকায় সেটিকেও জরিমানা করা হয়।

কাজীর দেউড়ি বাজারে বুধবারের অভিযানে মোট আট জন বিক্রেতাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।