২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভের পর পোশাক শ্রমিকদের বেতন দেওয়ার আশ্বাস

প্রায় ছয় ঘণ্টা বিজিএমইএ ভবনের সামনে অবস্থান কর্মসূচির পর শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিয়েছে চট্টগ্রামের একটি পোশাক কারখানার মালিকপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2019, 08:48 PM

Updated : 18 Aug 2022, 05:15 PM

বন্দর নগরীর বায়েজিদ টেক্সটাইল এলাকায় গোল্ডেন হরাইজন নামের ওই পোশাক কারখানাটি সানম্যান গ্রুপের মালিকানাধীন।

সানম্যান গ্রুপের চেয়ারম্যান বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব আবদুল মান্নান।

বুধবার সকালে নগরীর খুলশী থানার রেল গেইট এলাকায় বিজিএমইএ ভবনের নিচতলায় অবস্থান নেয় গোল্ডেন হরাইজন কারখানার কয়েকশ কর্মী।

কারখানাটিতে মোট প্রায় এক হাজার ৩০০ শ্রমিক-কর্মচারী রয়েছেন।

কারখানার শ্রমিক আরিফ খান সাংবাদিকদের বলেন, কারখানায় কোনো ‘কাজ নেই’ জানিয়ে ২৭ এপ্রিল চার দিনের ‍ছুটি দেওয়া হয়।

“মে দিবসের বন্ধের পর ২ মে কাজে গেলে জানানো হয় ৬মে পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে। এরপর ৬ তারিখ গেলে বলে কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।”

সেদিনই কারখানাটির শ্রমিকরা মিছিল নিয়ে বিজিএমএই ভবনে যান। সেখান থেকে নগরীর কোতোয়ালি মোড়ে সিডিএ ভবন-২ এ সানম্যান গ্রুপের কার্যালয়ের সামনেও অবস্থান কর্মসূচি পালন করেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের মার্চ ও এপ্রিল মাসের এবং কর্মকর্তা-কর্মচারীদের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের বেতন বকেয়া আছে।

তীব্র গরমে আন্দোলনরত শ্রমিকদের অনেককে বিজিএমইএ ভবনের বারান্দায় শুয়ে-বসে থাকতে দেখা যায়।

ওই কারখানার শ্রমিক বিবি আসমা বলেন, “দুই মাসের বেতন বাকি। আজ দেবে, কাল দেবে বলে টাকা দেয়নি। বাসা ভাড়া বাকি পড়েছে। রোজা শুরু হয়ে গেছে। সামনে ঈদ। আমরা ছেলেপুলে নিয়ে কিভাবে চলি?”

খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিজিএমইএ প্রতিনিধিসহ মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।

“তারা কথা দিয়েছে ২১ তারিখ বকেয়া বেতন-ভাতা পরিশোধ করবে। এই আশ্বাসের পর বিকেল ৪টার দিকে শ্রমিকরা অবস্থান কর্মসূচি শেষ করে চলে যায়।”