২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত মাদ্রাসাছাত্রীকে উদ্ধার

চট্টগ্রামে অপহৃত এক মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2019, 07:58 PM

Updated : 18 Aug 2022, 05:15 PM

ওই তরুণীকে পাঁচ দিন ধরে একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ডাকাতিয়াঘোনা এলাকায় একটি বাড়ি থেকে মঙ্গলবার রাতে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

অষ্টম শ্রেণিতে পডুয়া ওই কিশোরীর মা মামলা করার পর তাকে উদ্ধারে এই অভিযান চালানো হয় বলে পিবিআই চট্টগ্রাম জেলার পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই মাদ্রাসাছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল ফাহিম উদ্দিন (২২) নামে এক যুবক।

“ওই ছাত্রী প্রত্যাখ্যান করায় ফাহিম ও তার ছোট ভাই তৌহিন মিলে গত ২ মে মাদ্রাসায় যাওয়ার পথে মেয়েটিকে অটোরিকশা করে তুলে নিয়ে যায়। নিজেদের বাড়িতে আটকে রেখে ফাহিম তাকে একাধিকবার ধর্ষণ করে। এমনকি ওই ছাত্রীর মায়ের কাছে ফোন করে ফাহিম পাঁচ লাখ টাকা মুক্তিপণও দাবি করে।”

পিবিআই কর্মকর্তা জাফর বলেন, এই ঘটনায় গত ৫ মে ওই মাদ্রাসাছাত্রীর মা চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ ফাহিম ও তৌহিনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন ট্রাইব্যুনালের বিচারক।

তদন্তভার পেয়ে ১২ ঘণ্টার মধ্যে ওই কিশোরীকে ফাহিমের বাড়ি থেকে উদ্ধার করা হয় জানিয়ে তিনি বলেন, অভিযানের খবর পেয়ে ফাহিম, তার মা-বাবা ভাই পালিয়ে যায়।  

মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।