২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের দুই বাসিন্দাকে দুই হাজার ইয়াবাসহ চট্টগ্রাম নগরীর ফিশারিঘাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2019, 01:36 PM

Updated : 10 Oct 2022, 09:07 PM

গ্রেপ্তাররা হলেন- মো. হোসেন (২০) এবং সুলতান ইসলাম (১৮)।

হোসেন টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের বাসিন্দা আলী হোসেনের ছেলে আর সুলতান একই ক্যাম্পের আব্দুর রহিমের ছেলে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় চৌকি বসিয়ে তল্লাশী চালানো হয়।

“এসময় সৌদিয়া পরিবহনের একটি বাস থামিয়ে যাত্রী হোসেন ও সুলতান ইসলামকে জিজ্ঞাসবাদ করা হয়।”

ওসি মহসিন জানান, “জিজ্ঞাসাবাদে তারা স্যান্ডেলের ভেতর ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরে তাদের দুই জনের স্যান্ডেলের ভেতর থেকে পলিথিনে মোড়ানো বিশেষ কায়দায় রাখা এক হাজার করে মোট দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

“তারা কক্সবাজার থেকে সংগ্রহ করা এসব ইয়াবা বিক্রির জন্য তারা ঢাকায় নিয়ে যাচ্ছিল।”

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৮ এর ৩৬ (১) এর ১০ (ক) ধারায় থানায় মামলা হয়েছে।