রেলের চোরাই পণ্যসহ একজন গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর খুলশী থানার সেগুন বাগান এলাকা থেকে রেলের বিভিন্ন চোরাই মালামালসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার জামাল হোসেন কুমিল্লা জেলার চান্দিনা থানার নুরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রামের খুলশী থানার সেগুন বাগান কেন্টিন গেইট মোড় এলাকায় থাকেন। সেগুন বাগান ৯ নম্বর লেইন এলাকায় একটি স্ক্র্যাপের দোকানের মালিক তিনি।
তার দোকান থেকে উদ্ধার করা হয় রেলের বিটযুক্ত ফুলি, রেল বিট, এক্সেল বক্স, ব্রেক বল, স্প্রিং, সেফ, ফিল্টার জালি, ঢালাইয়ের পাট্টা ও এঙ্গেল।
খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জামালরের স্ক্র্যাপের দোকানের গুদামে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
“এসব সরকারি (রেলওয়ের) মালামালের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি সে। পরে জিজ্ঞাসাবাদে জানায়, লোহা মিন্টু নামের এক ব্যক্তি রেলওয়ের স্ক্র্যাপ গোডাউন থেকে নবী নামে অন্য এক ব্যক্তির সহায়তায় এসব বের করে লোহা ব্যবসায়ী লিটনের কাছে বিক্রি করে।”
ওসি প্রণব জানান, লিটনের কাছ থেকে এসব চোরাই মাল শাহজাহান ওরফে নেতা শাহজাহানের মাধ্যমে জামালের কাছে বিক্রি হয়।
“দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়ায় রেলের এসব সরঞ্জাম চোরাই পথে বের করে বিক্রি করে ফেলা হচ্ছে। এ কাজে একটি সিন্ডিকেট জড়িত।”
এ ঘটনায় খুলশী থানায় মামলা হয়েছে। ‘চোরাই সিন্ডিকেট’র অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি প্রণব চৌধুরী।
