চাঁদাবাজি, দখল-উচ্ছদ সবই চলে ‘তার’ ইশারায়
চট্টগ্রাম নগরীর পাহাড়ে তার বাস। জন্ম, বেড়ে ওঠা একই জায়গায়। পুলিশ বলছে, দলবল নিয়ে চাঁদাবাজি থেকে শুরু করে, পাহাড় দখল, উচ্ছেদ থেকে শুরু করে হেন কোনো অপরাধ নেই যে তিনি করেন না।
‘অনেক কাজের কাজী’ মো. হারুণ ওরফে টেইলর হারুণ (৩০) নামের ওই যুবক অস্ত্রসহ ধরা পড়েছে পুলিশের জালে।
ধরা পড়ার পর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন তার নানা ‘কীর্তির’ কথা।
নগরীর আকবর শাহ থানার শাপলা আবাসিক এলাকার বড় টেক পাহাড় থেকে সোমবার গভীর রাতে হারুণকে গ্রেপ্তার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মির্জা সায়েম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাপলা আবাসিক এলাকার বড় টেক পাহাড়ে আস্তানা করে চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে হারুণ ও তার সহযোগীরা।
বিভিন্নজনের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ পেয়ে সোমবার গভীর রাতে বড় টেক পাহাড়ে অভিযান চালিয়ে হারুণকে গ্রেপ্তার করা হয়।
তার কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি এলজি, একটি পাইপগান, একটি কিরিচ, দুইটি লোহার পাইপ ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তা সায়েম।
অভিযানে থাকা নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ইলিয়াস খান জানান, হারুণের বাবা ফছি আলম ছিলেন শাপলা আবাসিক এলাকার একটি পাহাড়ের কেয়ার টেকার। হারুণের জন্ম ও বেড়ে ওঠাও ওই পাহাড়ী এলাকায়।
পুলিশ কর্মকর্তা ইলিয়াছ বলেন, বড়টেক পাহাড়ের আশপাশের এলাকায় ব্যক্তিমালিকানাধীন পাহাড় ছাড়াও বেশকিছু সরকারি খাস জায়গা আছে। এসব জায়গায় গত কয়েক বছর ধরে প্লট তৈরি করে আবাসিক এলাকা গড়ে উঠছে। মূলত এই জমি কেনাবেচার নিয়ন্ত্রণ নিতেই একটি সশস্ত্র বাহিনী গড়ে তোলে হারুন।
“মুজিবনগর, শাপলা আবাসিক এলাকা, বড়টেক পাহাড় এলাকায় জমি বেচাকেনায় হারুণের বাহিনীকে চাঁদা দিতে হয়। আবার কেনাবেচা করা সে জমির দখল নিতেও টাকা দিতে হয় হারুণকে।
“কমিশনের বিনিময়ে হারুণ জমি দখল করে দেয়। এছাড়া প্লট বা জমি কিনে বাড়ি বানানোর সময় ইট, বালুও হারুণের কাছ থেকে বাধ্যতামূলকভাবে কিনতে হয়। তা না হলে তারা বাড়ি তুলতে বাধা দেয়।”
ইলিয়াছ আরও বলেন, বড়টেক পাহাড়ের ঢালুতে ত্রিকোণাকৃতি একটি জায়গায় হারুণের একটি আস্তানা রয়েছে। সশস্ত্র পাহাড়ায় থাকা আস্তানাটির অস্তিত্ব বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই।
“সেখানে বসে হারুণ মাদক সেবন ও টেলিফোনে চাঁদা দাবি করে পাহাড় কিংবা প্লট মালিকদের কাছ থেকে। পরে তার সহযোগীরা সেই চাঁদার টাকা সংগ্রহ করে। হারুণের এই ক্ষমতার উৎস এবং গডফাদারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
হারুণের দুই প্রধান সহযোগী সাহাবুদ্দিনের বিরুদ্ধে চারটি এবং মিলনের বিরুদ্ধে দুই মামলা আছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
